১২১ রানের লক্ষ্যভেদ! কেএল রাহুলের ব্যাটে ভর করে ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India Vs West Indies) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শুরুতেই প্রত্যাশিত জয় তুলে নিয়ে গোটা সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। মাত্র ১২১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৬৩ রানে ছিল ভারত। পঞ্চমদিন প্রথম ঘণ্টাতেই বাকি রান তুলে নিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে ‘ক্লিন সুইপ’ করলো শুভমন গিলের নেতৃত্বাধীন দল। অধিনায়ক হিসেবে এটিই শুভমন গিলের প্রথম টেস্ট সিরিজ জয়।

পঞ্চমদিন ভারতীয় দলকে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫৮ রান। প্রত্যাশা মতোই মাত্র ১৬.২ ওভার ব্যাট করে সেই লক্ষ্য পূরণ করে নেয় টিম ইন্ডিয়া। যদিও জয়ের পথে জোড়া উইকেট খোয়াতে হয় ভারতকে। গতকাল ৩০ রানে অপরাজিত থাকা সাই সুদর্শন ব্যক্তিগত ৩৯ রানে আউট হন। এরপর অধিনায়ক শুভমন গিলও মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

তবে একপ্রান্ত ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কেএল রাহুল। চতুর্থ দিনে ২৫ রানে অপরাজিত থাকা এই অভিজ্ঞ ওপেনার পঞ্চমদিনে এসে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন দক্ষিণী এই ব্যাটার। ৬ রানে নটআউট থাকেন ধ্রুব জুরেল।

ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারানোয় টেস্ট সিরিজের দুই ম্যাচেই জয়লাভ করে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।