প্রেমিকের বিয়ের খবর পেয়ে বুকভরা আশা নিয়ে হাজির প্রেমিকা! মুর্শিদাবাদে চলল ধর্না, যেন সিনেমার দৃশ্য

দীর্ঘদিনের প্রেম, হাজার প্রতিশ্রুতি আর এক জীবনের স্বপ্ন ভেঙে যাওয়ার পরও হাল ছাড়লেন না এক স্কুল ছাত্রী। প্রেমিকের বিয়ের খবর জানার পরই বুকভরা আশা আর চোখভরা কান্না নিয়ে সে সরাসরি হাজির হলো তার প্রেমিকের বাড়িতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামে এই ঘটনায় যেন সিনেমার দৃশ্য উঠে এল, যেখানে প্রেমিকার ধর্না, কান্না আর প্রতিবাদ ঘিরে তৈরি হলো চরম উত্তেজনা।
জানা গেছে, জয়কৃষ্ণপুর গ্রামের ওই যুবকের সঙ্গে স্কুল ছাত্রীর কয়েক বছরের গভীর প্রেমের সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা থাকায় তাদের বিশ্বাসও ছিল অটুট।
প্রতিশ্রুতি ভেঙে অন্য তরুণীকে বিয়ে
কিন্তু হঠাৎ সব কিছু ওলটপালট করে দেয় একটি ফোন কল। এরপরই ওই যুবক অন্য এক তরুণীকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়।
অভিযোগ, যুবকটি তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যেনও সেখানে আসে, “তুমিও এসো, তোমাকেও বিয়ে করব।” প্রেমিকের এই কথায় বিশ্বাস করে পরিবার ছেড়ে ওই ছাত্রী সোজা প্রেমিকের বাড়িতে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে, ঘরে অন্য এক নববধূ!
রাস্তায় বসে অপেক্ষা, পুলিশে খবর
প্রেমে প্রতারিত ছাত্রী তাই এখন প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসে রয়েছে। সে রাতে সেখানেই থেকেছে, যদিও সকালে তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন রাস্তার ধারে বসেই সে অপেক্ষা করছে—যেন তার প্রেমিক ফিরে এসে একবার বলে, “আমি ভুল করেছি।”
এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। অনেকেই বলছেন, এত বছরের সম্পর্ক এমনভাবে শেষ হওয়া অত্যন্ত নিষ্ঠুর।
এদিকে, ঘটনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে হরিহরপাড়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।