দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী গণধর্ষণ: গ্রেপ্তার ৫ অভিযুক্ত, নিরাপত্তার স্বার্থে আটক নির্যাতিতার বন্ধুও!উত্তপ্ত রাজনীতি

কসবা ল কলেজের ঘটনার পর এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেডিক্যাল কলেজে চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে তোলপাড়। গত শুক্রবার রাতে ওই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। এই ঘটনা সমাজে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
তবে, ঘটনার জেরে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে জড়িত সব অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশে তাদের ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। এরপর রবিবার রাতে আরও এক অভিযুক্ত নাসিরউদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়, যিনি দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী। নাসিরউদ্দিনকে জেরা করে পুলিশ জানতে পারে সফিকুল শেখের নাম, যাকে এই ঘটনার মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। সফিকুলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ দ্রুততার সঙ্গে সেই পাঁচজনকেই গ্রেপ্তার করেছে। আজ, সোমবার এই দুই নতুন ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে এবং ধৃত সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, এই মুহূর্তে ওড়িশার বাসিন্দা ওই নির্যাতিতা তরুণী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, এই ঘটনার পর নির্যাতিতার বাবা রাজ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমি পশ্চিমবঙ্গে নিরাপদ বোধ করছি না। মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চাই।”
এদিকে, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এখনও আটক রয়েছেন অভিযোগকারী তরুণীর সহপাঠী বন্ধু। পুলিশ জানিয়েছে, তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেও ওই যুবককে আপাতত আটক রাখা হয়েছে।
দুর্গাপুর কাণ্ডে পুলিশি তৎপরতায় অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “প্রথম দিন থেকেই আমাদের জেলার দুই মন্ত্রী পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। পুলিশ সঠিক সময়ে পদক্ষেপ করেছে বলেই অভিযুক্তেরা গ্রেফতার হয়েছেন।”
তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি এই মুহূর্তে দুর্গাপুরে ধর্নামঞ্চ তৈরি করেছে। আজ ঘটনাস্থলে পৌঁছাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।