বিশ্বজুড়ে ঝড়, তবুও এককাট্টা ভারত-ব্রিটেন, ‘প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, কেন এই ‘বিশেষ সম্পর্ক’ বললেন প্রধানমন্ত্রী মোদী?

এদিন দুই নেতার মধ্যে অর্থনৈতিক, প্রতিরক্ষা, শিক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্ব নিয়ে গভীর আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত ও যুক্তরাজ্যের এই বিশেষ সম্পর্কটি ‘ট্রাস্ট (বিশ্বাস), ট্যালেন্ট (প্রতিভা) এবং টেকনোলজি (প্রযুক্তি)’-এর ওপর ভিত্তি করে তৈরি।

মোদী বলেন, “ভারতের জোশ (উদ্দীপনা) এবং ব্রিটেনের দক্ষতা একসঙ্গে এক ‘অনন্য তালমেল’ তৈরি করেছে। আমাদের এই অংশীদারিত্ব উভয় দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করার স্পষ্ট অঙ্গীকার।”

প্রতিরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ
কেবল শিক্ষা নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত-ব্রিটেন অংশীদারিত্ব এক নতুন মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন:

দুই দেশ এখন যৌথভাবে প্রতিরক্ষা পণ্য উৎপাদন (সহ-উৎপাদন) করার পথে এগোচ্ছে।

সামরিক প্রশিক্ষণে সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষকরা ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের সঙ্গে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন।

বিশ্ব অস্থির, ভারত-ব্রিটেন স্থিতিশীলতার স্তম্ভ
প্রধানমন্ত্রী মোদী বলেন, বর্তমানে বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারত ও ব্রিটেনের ক্রমবর্ধমান সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

বৈঠকে দুই নেতার আলোচনায় উঠে আসে ইন্দো-প্যাসিফিক অঞ্চল, পশ্চিম এশিয়া এবং চলমান ইউক্রেন সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানান, ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইস্যুতে ভারত সব সময়ই আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর সব প্রচেষ্টাকে সমর্থন করে।

দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় লক্ষ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার ভারতে এসেছেন ১২৫ জন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং শিক্ষাবিদদের একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে। প্রধানমন্ত্রী মোদীর জুলাই মাসের লন্ডন সফরের পর এটিই প্রথম বড় বৈঠক।

জুলাই মাসে ঐতিহাসিক ইন্ডিয়া-ব্রিটেন অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি (FTA) স্বাক্ষরিত হওয়ার পর আশা করা হচ্ছে, এটি উভয় দেশের আমদানি খরচ কমাবে এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে দ্বিগুণ করতে সাহায্য করবে। ব্রিটিশ নেতা স্টার্মারও ভারতের উন্নয়ন যাত্রাকে ‘উল্লেখযোগ্য’ এবং দুই দেশের সম্পর্ককে ‘বিশেষ’ বলে অভিহিত করেন।