বিহার নির্বাচনে প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক, ৫১ প্রার্থীর নাম ঘোষণা জন সুরজ পার্টির, তালিকাতে ১৬% মুসলিম ও ১৭% OBC!

বিহার বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই রাজ্য রাজনীতি এখন আসন ভাগাভাগি এবং প্রার্থী তালিকা নিয়ে রীতিমতো সরগরম। এই আবহে বৃহস্পতিবার প্রথম দফার ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) দল জন সুরজ পার্টি (Jan Suraaj Party)।
যদিও প্রার্থী তালিকা ঘোষণার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন না প্রশান্ত কিশোর। জন সুরজ পার্টির রাজ্য সভাপতি মনোজ ভারতী এবং জাতীয় সভাপতি পাপ্পু সিং দলের তরফে বক্তব্য রাখেন। এদিনের বৈঠকে দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ অক্টোবর তেজস্বী যাদবের বিধানসভা কেন্দ্র রাঘোপুর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রশান্ত কিশোর। এর থেকেই স্পষ্ট, রাজনীতিতে প্রথমবার নামা এবং রাজনৈতিক যাত্রা শুরু করার জন্য পুরোদমে প্রস্তুত পিকে-র দল।
প্রথম তালিকাতেই সামাজিক সমীকরণের ভারসাম্য
রাজনীতিতে সরাসরি আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রশান্ত কিশোর। তাই প্রার্থী নির্বাচনের সময় তাঁদের পরিষ্কার ভাবমূর্তিকেই প্রাধান্য দিয়েছেন তিনি। প্রথম তালিকাতেই ১৬ শতাংশ মুসলিম এবং ১৭ শতাংশ অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের (EBC/OBC) প্রার্থীদের জায়গা দিয়েছেন পিকে। এই পদক্ষেপকে বিহারের রাজনীতিতে তাঁর প্রথম ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহল। এর মাধ্যমে পিকে সামাজিক সমীকরণের ভারসাম্যের একটি স্পষ্ট বার্তা দিলেন।
পিকে-র তালিকায় একঝাঁক পেশাদার ও ‘তারকা’ প্রার্থী
প্রশান্ত কিশোরের প্রথম প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কিছু পরিচিত মুখ, যা জন সুরজ পার্টির পেশাদার ভাবমূর্তিকে তুলে ধরছে:
শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য: কুমহরারে জন সুরজের প্রার্থী কেসি সিনহা যিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন গণিতবিদ, যাঁর লেখা পাঠ্যপুস্তক কয়েক দশক ধরে বিহারের স্কুলগুলোতে অনুসরণ করা হচ্ছে।
আইনজীবী ও প্রাক্তন সলিসিটর জেনারেল: মাঞ্জি থেকে প্রার্থী হয়েছেন ওয়াই বি গিরি, যিনি পাটনা হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী। তিনি বিহারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রীয় সরকারের মামলার জন্য অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসক: মুজাফফরপুর আসনের প্রার্থী ডঃ অমিত কুমার দাস পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র। তিনি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা। প্রশান্ত কিশোরের এই ধরনের ‘পরিচ্ছন্ন ভাবমূর্তি’র পেশাদারদের প্রার্থী করা বিহারের চিরাচরিত রাজনৈতিক ধারায় একটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।