‘চিপ থেকে শিপ—সবই ভারতে তৈরি হবে!’ খড়্গপুর IIT-রতে পড়ুয়াদের কোন মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী?

খড়্গপুর আইআইটি (IIT)-র প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের মঞ্চ থেকে বামপন্থী ও কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রার উন্মোচন ও ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতার পর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ভাষণে যেমন তিনি সেমিকন্ডাক্টর শিল্পের প্রসঙ্গ টেনে ‘লাল ঝান্ডা’-কে কটাক্ষ করেন, তেমনই ‘গরিবি হটাও’ স্লোগানের প্রসঙ্গ তুলে নাম না করে নিশানা করেন কংগ্রেসকেও।

‘লাল ঝান্ডা দেখিয়ে চিপ কোম্পানিকে ভাগিয়ে দেওয়া হয়েছিল’

স্টার্টআপ থেকে মহাকাশ গবেষণা—একাধিক ক্ষেত্রে খড়্গপুর আইআইটির পড়ুয়াদের সাফল্যের কথা তুলে ধরেই সেমিকন্ডাক্টর চিপের প্রসঙ্গ আনেন প্রধানমন্ত্রী। বামপন্থীদের নিশানা করে মোদী বলেন, ৫০ বছর আগেই ভারত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারত এবং সেজন্য দেশে কোম্পানিও এসেছিল; কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, শুরু করতে দেরি হলেও আজ ভারত বিদেশে চিপ রপ্তানি করছে। একইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, ‘চিপ থেকে শিপ—সবই ভারতে তৈরি হবে।’

কংগ্রেসকে খোঁচা ও জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ

নাম না করে কংগ্রেসকেও একহাত নেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, পাঁচ দশক আগে লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হলেও বাস্তবে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি, সবকিছু ফাইলবন্দি হয়ে পড়ে ছিল। সেই জায়গা থেকেই দারিদ্র দূরীকরণে শৌচাগার নির্মাণ থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার মতো একাধিক প্রকল্প তাঁর সরকার নিয়েছে বলে দাবি করেন তিনি।

‘নেশনস ফার্স্ট’ ও ‘ব্রেক দ্য লিমিটস’ মন্ত্র

খড়্গপুর আইআইটির গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সামনে দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বসে রয়েছে। কলেজের দীপাবলি পালনের রেওয়াজের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আগামী দুই দশক পড়ুয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এদিন ছাত্রছাত্রীদের ‘ব্রেক দ্য লিমিটস’ এবং ‘নেশনস ফার্স্ট’—এই দুই মন্ত্রে এগিয়ে চলার আহ্বান জানান নরেন্দ্র মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *