‘প্রভুদের খুশি করতেই ষড়যন্ত্র’—ঘুরিয়ে ভারতকে নিশানা তারেক রহমানের! ভিসা সেন্টার বন্ধের সিদ্ধান্তে বাড়ছে টানাপোড়েন

একদিকে শেখ হাসিনার ফেরার জল্পনা, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ—এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে ফের টানাপোড়েনের আভাস মিলল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার কিছু মাসের মধ্যেই অভ্যন্তরীণ অশান্তি সামলাতে হিমশিম খাচ্ছে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। এরই মধ্যে ঘুরিয়ে ভারতের দিকে আঙুল তুলেছেন তারেক রহমান। পাশাপাশি, আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে ঢাকা।

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে ভিসা সেন্টার

আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এই দুই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ (DU Digital Global Limited)-এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন করে সেই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ নভেম্বরের পর সংশ্লিষ্ট সংস্থা পরিচালিত কেন্দ্রগুলি আর চালু থাকবে না। ফলে ১ ডিসেম্বর থেকে ওই কেন্দ্রগুলিতে ভিসার আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। তবে নতুন ভিসা কেন্দ্রগুলি কোথায় হবে বা কোন সংস্থা তা পরিচালনা করবে, সে বিষয়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে বলে ডেপুটি হাইকমিশন সূত্রে খবর।

ঘুরিয়ে ভারতকে নিশানা তারেক রহমানের

দেশের ভেতরে অশান্তি ও আওয়ামী লিগের তৎপরতার পিছনে সীমান্তের ওপারের ষড়যন্ত্র দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি ভারতের নাম না করলেও এক জনসভায় তিনি অভিযোগ করেন, বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী ও তাদের সমর্থকরা ‘প্রভুদের’ খুশি করতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

বিএনপির লালমনিরহাট জেলা শাখার এক সমাবেশে তারেক রহমান বলেন, দেশ ছাড়ার পরেও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করেনি শেখ হাসিনা ও তাঁর সমর্থকরা। সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অগ্নিসংযোগ, গুম ও হত্যার রাজনীতিতে বীতশ্রদ্ধ এবং এই ধরনের সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কড়া জবাব দেওয়া হবে।

৭ জেলায় বিজিবি মোতায়েন

উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি স্পর্শকাতর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৯৬টি প্লাটুনে প্রায় ৩ হাজার বিজিবি সদস্য নামানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং ফরিদপুরে পুলিশকে সহায়তা করছে এই বাহিনী।

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভিসা কেন্দ্র বন্ধের এই সিদ্ধান্ত দুই দেশের যাতায়াত ও কূটনৈতিক আবহে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *