২৬ হাজার কোটি টাকার বিনিময়ে চীন থেকে ২০টি J-10CE যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ? গোপন সামরিক চুক্তি নিয়ে জল্পনা

হঠাৎ করেই সামনে আসা এক খবরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেছেন। জানা গিয়েছে, বাংলাদেশ সরকার প্রায় ২২০ কোটি মার্কিন ডলার (২৬ হাজার ৮০০ কোটি বাংলাদেশি টাকা) খরচ করে চীন থেকে ২০টি জে-১০ সিই (J-10CE) যুদ্ধবিমান কিনতে চলেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সরকারি নথি থেকেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিটি ফাইটার জেটের দাম ধরা হয়েছে প্রায় ৬ কোটি মার্কিন ডলার (৭৩১ কোটি টাকা)। অর্থাৎ, শুধু ২০টি বিমানের মোট দাম পড়বে প্রায় ১২০ কোটি ডলার। বাকি খরচ ধরা হয়েছে প্রশিক্ষণ, অন্যান্য সরঞ্জাম ও আনুষঙ্গিক খরচের জন্য।

দীর্ঘমেয়াদী পরিশোধ ও গোপনীয়তা
জানা গিয়েছে, এই যুদ্ধবিমানের সরবরাহ শুরু হতে পারে ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে। বিমানের সম্পূর্ণ দাম বাংলাদেশ মেটাবে আরও ১০ বছর ধরে, অর্থাৎ ২০৩৬ সালের মধ্যে সমস্ত মূল্য পরিশোধ করা হবে।

যদিও এই বিশাল সামরিক চুক্তি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করেনি বাংলাদেশের সরকার। কিন্তু কেন এই বিষয়ে এত গোপনীয়তা রাখা হচ্ছে, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমানবাহিনীর বর্তমান শক্তি
বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে মোট ৪৪টি ফাইটার জেট রয়েছে। যার মধ্যে ৩৬টি হল পুরনো চিনা এফ ৭ (F-7) ফাইটার জেট। এই এফ-৭ জেটগুলি আসলে রাশিয়ান মিগ-২১ (MiG-21) যুদ্ধবিমানের লাইসেন্স ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি চিনা সংস্করণ। এর পাশাপাশি তাদের কাছে আরও ৮টি মিগ-২৯এস (MiG-29S) রয়েছে।

অন্যদিকে, ভারত বর্তমানে ৫২২টিরও বেশি ফাইটার জেট অপারেট করে, যার মধ্যে রয়েছে ২৮টি রাফাল, ৩১টি তেজস, ৫২টি মিগ-২৯ ও ২৫৯টি সুখোই-৩০-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। সংখ্যার দিক থেকে ভারতের তুলনায় বাংলাদেশের বিমানবাহিনী একেবারেই ‘শিশু’ হলেও, নতুন প্রজন্মের জে-১০ সিই বিমান কেনা নিঃসন্দেহে তাদের সামরিক শক্তিতে গুণগত পরিবর্তন আনবে।

বিশেষজ্ঞরা এখন দেখছেন, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ২০টি অত্যাধুনিক যুদ্ধবিমান ঠিক কী কাজে তারা ব্যবহার করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।