সুপ্রিম কোর্টের পর এবার জেলা আদালত, বিচারককে লক্ষ্য করে চটি ছুঁড়ল অভিযুক্ত! বিচারালয়ে চরম বিশৃঙ্খলা

দেশের বিচারালয়ে চরম বিশৃঙ্খলা! সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের ঘটনা ঘটল তামিলনাড়ুর তিরুনেলভেলির জেলা দায়রা আদালতে। সোমবার সুপ্রিম কোর্টের ঘটনার পরদিন মঙ্গলবার এই ঘটনা ঘটে।
তামিলনাড়ুতে বিচারককে লক্ষ্য করে চটি
তিরুনেলভেলির চেরানমহাদেবীর জেলা দায়রা আদালতে চুরির ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সি তিরেন্দ্র সিংকে পেশ করা হয়েছিল। মধ্যপ্রদেশের বাসিন্দা তিরেন্দ্র একটি মন্দিরের টাকা চুরির ঘটনায় গ্রেফতার হয়। মঙ্গলবার বিচারক অরুণ শঙ্কর তার মামলার শুনানি না শুনে অন্য একটি তারিখে দিন ধার্য করেন।
বিচারকের এই সিদ্ধান্তে হতাশ হয়ে যায় অভিযুক্ত। তাকে আদালত কক্ষের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। সেখানেই সে তার পায়ের দু’টি চটি খুলে একের পর এক বিচারপতির কক্ষের দিকে ছুঁড়তে থাকে! এই ঘটনায় আদালতের উপস্থিত আইনজীবী ও পুলিশ কর্মীরা স্তম্ভিত হয়ে যান। অভিযুক্তকে সঙ্গে সঙ্গে থামিয়ে গ্রেফতার করেছে চেরানমহাদেবী থানার পুলিশ।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতো
এর আগে গত সোমবার, ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চে শুনানি চলাকালীন এক প্রবীণ আইনজীবী এই একই ধরনের চেষ্টা করেন।
৭১ বছর বয়সি আইনজীবী রাকেশ কিশোর হঠাৎই তাঁর পা থেকে জুতো খুলে প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে ছুঁড়তে যান। মুহূর্তের মধ্যে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটকে দেন এবং কক্ষ থেকে বের করে নিয়ে যান। অভিযুক্ত আইনজীবী সেই সময় বলতে থাকেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করবে না হিন্দুস্তান।”
প্রধান বিচারপতি অবশ্য এই ঘটনায় শান্ত ছিলেন। তিনি উপস্থিত আইনজীবীদের সওয়াল-জবাব চালিয়ে যেতে অনুরোধ করে বলেন, “এই ঘটনায় চঞ্চল হবেন না। এই ধরনের কাজকর্ম আমার উপর কোনও প্রভাব ফেলবে না।”
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধী দল কংগ্রেস পর্যন্ত। প্রধানমন্ত্রী স্বয়ং প্রধান বিচারপতিকে ফোন করে কথা বলেন। আইনজীবীদের একাংশ প্রবীণ আইনজীবীর এই আচরণকে নাথুরাম মানসিকতার প্রতিফলন বলে ব্যাখ্যা করেছেন।
একদিনেই দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে জেলা আদালত—দু’টি গুরুত্বপূর্ণ বিচারালয়ে বিচারককে নিশানা করে হামলার চেষ্টার ঘটনা দেশের বিচারব্যবস্থার সুরক্ষা ও মর্যাদার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল।