BJP-নেতা খুন যুবকের মারধর? মালদার কার্তিক মেলায় মর্মান্তিক ঘটনা

মালদার হাবিবপুরে কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের মধ্যে বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন চন্দন মণ্ডল। নিহত চন্দন বিজেপির মণ্ডল সহ-সভাপতি হওয়ার পাশাপাশি ওই পুজো কমিটির সম্পাদকও ছিলেন। অভিযোগ, বিবাদ মেটাতে গিয়ে এক মদ্যপ যুবকের মারে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী চন্দন মণ্ডলের। বৃহস্পতিবার গভীর রাতে মালদহের হাবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে অভিযুক্ত এক যুবককে আটক করেছে হাবিবপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষিপুরের চাঁদপুর গ্রামে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজো উপলক্ষে কয়েক দিন ধরেই মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছিল। পুজো ও মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছিল। বৃহস্পতিবার রাতেও মেলায় প্রচুর দর্শনার্থীর ভিড় জমেছিল। সেই সময় হঠাৎ করেই মেলা প্রাঙ্গণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকার নামতেই কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ওই যুবকদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন। সামান্য বচসা থেকে ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়।

মেলায় গোলমালের খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান চন্দন মণ্ডল। পুজো কমিটির সম্পাদক হিসেবে তিনি বিবাদ থামানোর চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি। কিন্তু অভিযোগ, সেই সময় এক মদ্যপ যুবক তাঁকে মারধর করেন। ওই যুবকের মারে মাটিতে লুটিয়ে পড়েন চন্দন। রাত প্রায় ১২টা নাগাদ এই ঘটনা ঘটে।

এর পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, চন্দন মণ্ডল আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। মারধরের ফলেই তাঁর মৃত্যু নাকি হৃদ্‌রোগের কারণে এমন পরিণতি, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত চন্দন মণ্ডল ঋষিপুরেরই বাসিন্দা ছিলেন। বিজেপির মণ্ডল সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর ডেকরেটার্সের ব্যবসাও ছিল। পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকায় স্থানীয়দের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। ঠিক কী কারণে বিবাদের সূত্রপাত হয়েছিল এবং কীভাবে চন্দন মণ্ডলের মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাবিবপুর পুলিশ। কার্তিক পুজোর উৎসবের মাঝেই এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *