আবুধাবির পর্যটন বিজ্ঞাপনে হিজাব পরে বিতর্ক, ফের সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

সিনেমার কারণে নয়, এবার আবুধাবির পর্যটন প্রচারের একটি বিজ্ঞাপনের জেরে বিতর্কের মুখে পড়লেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)। নতুন প্রচারাভিযান ‘ভিজিট আবুধাবি’তে দীপিকাকে দেখা গেছে খয়েরি রঙের হিজাব পরিহিত অবস্থায়, আর রণবীরকে দেখা যায় লম্বা দাড়ি ও কালো স্যুটে।

বিজ্ঞাপনে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে হিজাব পরিহিত দীপিকার দৃশ্যটি প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সমালোচনার ঝড়: ‘হিন্দু ধর্মকে অসম্মান’?
নেটিজেনদের একাংশ এই বিজ্ঞাপনে তারকা দম্পতির এমন সাজের সিদ্ধান্তকে সরাসরি ‘হিন্দু ধর্মকে অসম্মান’ বলে দাগিয়ে দিয়েছে। এক মন্তব্যকারী লিখেছেন, “বয়কট দীপিকা। যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের এড়িয়ে চলুন।” অন্য এক মন্তব্যে দ্বিচারিতার অভিযোগ তুলে বলা হয়েছে, “উনি দ্বিচারিতা করেন। তবুও মানুষ ওর সিনেমা হিট করায়।”

প্রশংসা ও সমর্থনে ভক্তরা
তবে শুধু সমালোচনা নয়, বহু দর্শক এই দৃশ্যকে ‘শালীন এবং মর্যাদাপূর্ণ’ বলে প্রশংসা করেছেন। অনেকে এই দৃশ্যকে আরবের সংস্কৃতির প্রতি তাঁদের সম্মান বলেও উল্লেখ করেছেন।

দীপিকার পক্ষে সুর তুলেছেন অনেকে। ভক্তদের দাবি, শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে প্রবেশের সময় অবায়া (Abaya) বা হিজাব পরা বাধ্যতামূলক—এতে ধর্মের কোনো বিষয় নেই, এটি কেবল সেই স্থানের ঐতিহ্যকে সম্মান জানানো। একজন ভক্ত লিখেছেন, “এই মসজিদে প্রবেশের সময় সবাইকে হিজাব পরতে হয়—এমনকি রিহানাও পরেছিলেন। এতে কারও আহত হওয়ার কিছু নেই।” অন্য একজন লিখেছেন, “দীপিকা কখনও মন্দিরের প্রতি অসম্মান দেখাননি, তাহলে এখন তাঁকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন?”

ভক্তদের মতে, এই পোশাকে তিনি ভারতের প্রতিনিধিত্ব করার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যকেও সম্মান জানাচ্ছেন।

বিবাদের কেন্দ্রে দীপিকা
‘সিংহম এগেইন’-এর পর এই বিজ্ঞাপনেই ফের পর্দায় একসঙ্গে দেখা গেল রণবীর-দীপিকাকে। তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নায়িকার। চলতি বছরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন দীপিকা। জানা যায়, সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে তাঁর সরে আসার মূল কারণ ছিল বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি এবং শিডিউল ম্যানেজমেন্টের জটিলতা। একই কারণে তিনি ‘কল্কি’র সিক্যুয়েল থেকেও সরে এসেছেন বলে খবর।

নতুন করে এই বিজ্ঞাপন বিতর্ক সেই জল্পনাকেই আরও উস্কে দিল।