নদীতে স্নান করতে নেমেছিলেন, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বিশালাকার কুমীর! ওড়িশায় ভাইরাল ভয়াবহ ভিডিও

নদীতে স্নান করতে নেমেছিলেন এক মাঝবয়সি মহিলা, আর সেই মুহূর্তেই বিশালাকার এক কুমীর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে টেনে নিয়ে গেল গভীর জলে। ওড়িশার কান্তিয়া গ্রাম থেকে উঠে আসা এমনই এক ভয়াবহ ভিডিও প্রকাশ্যে আসতেই তা নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৫৭ বছর বয়সি সৌদামিনী নামের ওই মহিলা নদীতে স্নান করছিলেন। সেই সময় হঠাৎ করেই একটি কুমীর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং জলের মধ্যে তাঁকে টেনে নিয়ে যায়।

স্থানীয়রা চেষ্টা করেও বাঁচাতে পারলেন না
স্থানীয়দের চোখে এই মর্মান্তিক দৃশ্য পড়তেই, তাঁরা দ্রুত সৌদামিনীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কুমীরের শক্তিশালী গ্রাস থেকে ওই মাঝবয়সি মহিলাকে রক্ষা করা সম্ভব হয়নি।

পরে খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধারকারী দল নিয়ে এসে পুলিশ সৌদামিনীর খোঁজ শুরু করলেও, এখনও পর্যন্ত ওই মহিলার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় কান্তিয়া গ্রামজুড়ে শোকের পাশাপাশি কুমীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এখন নদীর ধারে যাওয়া নিয়ে চরম সতর্কতা দেখা দিয়েছে।