বাঁকুড়ার সেচ খাল থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ! ধারালো অস্ত্রের আঘাতে খুন, চাঞ্চল্য লেপাম গ্রামে

বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে গ্রাম সংলগ্ন একটি সেচ খাল থেকে এক টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই টোটো চালকের নাম সুশীল হেমব্রম। নিহত সুশীলের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে।
খুঁজছিল পরিবার, মিলল খালের কাদায়
বারিকুল থানার লেপাম গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করতেন সুশীল হেমব্রম। পেশায় টোটো চালক সুশীল সোমবার বিকালে স্থানীয় রসপাল বাজারে গিয়েছিলেন। রাতে তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও, তিনি ফেরেননি। দীর্ঘ অপেক্ষার পর কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।
মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন জানতে পারেন, সুশীলের রক্তাক্ত দেহটি গ্রামের কাছে সেচ খালের কাদার মধ্যে পড়ে রয়েছে। অদূরেই তাঁর টোটোটিও পড়ে ছিল।
খুনের কারণ খুঁজছে পুলিশ
খবর পাওয়ার পর বারিকুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুশীলের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো কোনো অস্ত্রের আঘাতেই সুশীল হেমব্রমকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
তবে এই খুনের পিছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। টোটো চালকের এই মর্মান্তিক মৃত্যুতে লেপাম গ্রামে এখন শোক ও চাপা আতঙ্ক বিরাজ করছে।