সরকারি হাসপাতালে দালালচক্রের বলি রোগী! ‘দাদাগিরি’র জেরে ব্লাড ব্যাঙ্কের সামনেই সব শেষ, তদন্তের নির্দেশ সুপারের!

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবারও চরম অব্যবস্থা এবং দালাল চক্রের ‘দাদাগিরি’র শিকার হলেন এক রোগী। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পরও স্ট্রেচার না পেয়ে রোগীকে কাঁধে করে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় মেডিক্যাল ব্লাড ব্যাঙ্কের সামনেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরে শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ চন্দ (৩৮)। তিনি বাগডোগরার বাসিন্দা।
স্ট্রেচারের জন্য দাবি করা হয়েছিল টাকা
মৃতের পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে পেটে ব্যথা এবং বমি ভাব নিয়ে বিশ্বজিৎকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। ডাক্তার তাঁকে ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। কিন্তু রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পরও স্ট্রেচার মেলেনি।
পরিবারের অভিযোগ আরও গুরুতর। তারা জানান, হাসপাতালের করিডরে কিছু দালালের কাছে স্ট্রেচার ছিল। সেই স্ট্রেচার দেওয়ার জন্য তারা তাঁদের কাছে ২০০ টাকা দাবি করে। পরিবার টাকা দিতে রাজি হলেও, দালালরা স্ট্রেচার দেয়নি।
কাঁধে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
বাধ্য হয়ে পরিবারের লোকজন রোগীকে কাঁধে তুলে ওয়ার্ডের দিকে নিয়ে যেতে শুরু করেন। কিন্তু ব্লাড ব্যাঙ্কের সামনের করিডরে যেতে যেতেই বিশ্বজিৎ চন্দ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতের পরিবারের দাবি, সরকারি হাসপাতালে দালালদের ‘দাদাগিরি’র জেরেই রোগীকে বলি হতে হলো। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন।
এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। মেডিক্যাল ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হবে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।