সূর্যকুমারকে ক্লিনচিট, পাকিস্তানের ‘অভিযোগ’-কে পাত্তাই দিল না আইসিসি

২২ গজের ভারত-পাকিস্তান বৈরতা এখন খেলা ছেড়ে পৌঁছে গিয়েছে আইসিসি-র (ICC) দরবারে। মাঠের বাইরের এই দ্বৈরথে ইতিমধ্যেই পাকিস্তানকে ‘ক্লিন বোল্ড’ করে দিল ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছে আইসিসি। যদিও আনুষ্ঠানিক রায় ঘোষণা এখনও বাকি।
সূত্রের খবর, বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানিতে উপস্থিত ছিলেন সূর্যকুমার। অভিযোগ খারিজ করা হলেও, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাঁর ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে অথবা শুধুমাত্র সতর্ক (Warning) করেই ছেড়ে দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ককে।
শাস্তির মুখে ২ পাক ক্রিকেটার?
অন্যদিকে, বিসিসিআইয়ের (BCCI) দায়ের করা গুরুতর অভিযোগের ভিত্তিতে এদিন শুনানিতে হাজিরা দেবেন দুই পাকিস্তানি ক্রিকেটার— শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফ। তাঁদের বিরুদ্ধে রয়েছে ‘অতিরিক্ত উচ্ছ্বাস’ প্রকাশ এবং ‘অনৈতিক’ সেলিব্রেশনের অভিযোগ।
এশিয়া কাপ চলাকালীন এই দুই পাক ক্রিকেটারের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের ই-মেল অনুযায়ী,
শাহিবজাদা ফারহানের ‘একে-৪৭ সেলিব্রেশন’
হ্যারিস রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর তীব্র বিরোধিতা করে অভিযোগ জানানো হয়।
ভারতীয় বোর্ডের অভিযোগ, এই ধরনের সেলিব্রেশন খেলার স্পিরিটের বিরোধী এবং আপত্তিকর। এই অভিযোগের ভিত্তিতে আজ, শুক্রবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে তাঁদের শুনানি হবে।
ফারহান যদিও অভিযোগ অস্বীকার করে বলেছেন, “সেই সেলিব্রেশন আমার মনে এসেছিল, তাই করেছি। আমি সাধারণত খুব বেশি এসব করি না। আমি ভেবেছিলাম আলাদা কিছু করব। এখন মানুষ এটাকে কে কীভাবে নেয় তাতে আমার কিছু যায় আসে না।” কিন্তু তাদের এই উচ্ছ্বাসকে খেলার সঙ্গে রাজনীতি মেশানোর চেষ্টা হিসেবে দেখছে বিসিসিআই।
সব মিলিয়ে, ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ এখন মাঠের বাইরেও উত্তাপ ছড়াচ্ছে। আইসিসি-র চূড়ান্ত রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল।