বিরাট সুখবর! ATM থেকেই তোলা যাবে PF-এর টাকা, কবে থেকে চালু হচ্ছে এই যুগান্তকারী পরিষেবা?

চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়ের অন্যতম ভরসা হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees’ Provident Fund – EPF)। জরুরি দরকারে এই পিএফ অ্যাকাউন্ট থেকেই টাকা তোলার সুযোগ রয়েছে। এবার এই প্রক্রিয়াকে আরও সহজ করতে একাধিক এটিএম (ATM) থেকে পিএফের টাকা তোলার যুগান্তকারী পরিষেবা চালু করার কথা ভাবছে ইপিএফও (EPFO)।
শোনা যাচ্ছে, পিএফ গ্রাহকরা এবার থেকে এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এবং এর জন্য তাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি (CBT) আগামী বোর্ড মিটিংয়েই এটিএম থেকে টাকা তোলার পরিষেবা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা যাচ্ছে, আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
সিবিটি-র এক সদস্য সূত্রে খবর, এটিএম থেকে পিএফের টাকা তোলার জন্য যে প্রযুক্তি পরিকাঠামোর প্রয়োজন, তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তবে এটিএম থেকে টাকা তোলার উইথড্র লিমিট বা সর্বোচ্চ সীমা কত হবে, তা নিয়ে এখনও আলোচনা বাকি রয়েছে।
সুবিধা কী হবে?
বর্তমানে পিএফের টাকা তোলার জন্য গ্রাহককে প্রথমে ক্লেম ফাইল করতে হয় এবং তারপর টাকা পাওয়ার জন্য কিছু দিন অপেক্ষা করতে হয়। এটিএম থেকে টাকা তোলার পরিষেবা চালু হলে এই অপেক্ষার পালা শেষ হবে। যখন প্রয়োজন, তখনই এটিএম থেকে টাকা তোলা যাবে। তবে এটিএম থেকে পিএফের টাকা তোলার জন্য গ্রাহকদের আলাদা এটিএম কার্ডের ব্যবস্থা করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বরই ইপিএফও-তে পাসবুক লাইট নামে এক নতুন পরিষেবা চালু করা হয়েছে। এখন অপেক্ষা, অক্টোবরের বৈঠকে এটিএম থেকে টাকা তোলার বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়ার।