ঋষভ পন্থদের ছেড়ে দিলেন জাহির খান, লখনউয়ের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করলেন ভারতের কিংবদন্তি পেসার

মাত্র এক মরশুমের মধ্যেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার জাহির খান। গত বছর বড়সড় আয়োজনের মাধ্যমে তাকে দলের মেন্টর হিসাবে সই করানো হয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটল। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে নিজের সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জাহির, এমনটাই খবর সূত্রের।
কেন সরে গেলেন জাহির?
এই বিষয়ে কোনো পক্ষই এখনো মুখ না খুললেও, একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে যে, লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতাদর্শের অমিল হওয়াতেই জাহির এই সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, দলে অতিরিক্ত মত দেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার লোকজন থাকায় জাহির সন্তুষ্ট ছিলেন না। গত আইপিএলে দলের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ার কারণ হিসেবেও জাহির এই মতবিরোধকেই দায়ী করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়ার আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। লখনউয়ের সঙ্গে তার ২ বছরের চুক্তি হয়েছিল এবং স্কাউটিং ও পরিকল্পনা তৈরির দায়িত্বও তার ওপর ছিল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে, সোশ্যাল মিডিয়াতে লখনউ সুপার জায়ান্টস অন্য বিষয় নিয়ে পোস্ট করলেও জাহিরকে নিয়ে কোনো শব্দ খরচ করেনি।