বিজেপিতে নয়া কমিটি গঠন নিয়ে চাপানউতোর, শুভেন্দু বনাম শমীক, জল্পনা বাড়ছে দিলীপকে নিয়ে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আরএসএসের সঙ্গে একটি সমন্বয় বৈঠক হয়েছে। তবে এই বৈঠকেও নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নতুন রাজ্য কমিটিতে কারা ঠাঁই পাবেন এবং কাদের ওপর দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে এখন তুমুল আলোচনা চলছে। শমীক ভট্টাচার্য পুরনোদের ফের সক্রিয় করতে চাইছেন, কিন্তু এই সিদ্ধান্ত সহজে হওয়ার নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা
সাধারণ সম্পাদক হিসেবে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বেশ কিছু নাম উঠে এসেছে। এদের মধ্যে থেকে চারজনকে বেছে নেওয়া হতে পারে।

তবে সবচেয়ে বেশি জল্পনা চলছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। সূত্রের খবর, শমীক ভট্টাচার্য চান দিলীপ ঘোষের মতো ‘সক্রিয়’ নেতাকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে। পাশাপাশি পুরনোদের দায়িত্ব বাড়াতেও তিনি আগ্রহী। কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা চান তাদের শিবিরের সদস্যদের রাজ্য কমিটিতে জায়গা দিতে। এই কারণে নতুন কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গতরাতে হওয়া বৈঠকে দিলীপ ঘোষকে কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচনের প্রথম সারিতে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলে, দিলীপ ঘোষ কি আবারও স্বমহিমায় ফিরতে চলেছেন, এই প্রশ্ন এখন বঙ্গ বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে।