চা বাগানে তুমুল আন্দোলন, ২০ শতাংশ বোনাসের দাবিতে ঐক্যবদ্ধ তৃণমূল-বিজেপি-সিপিএম-এর শ্রমিক সংগঠন

পুজোর মুখে বোনাস নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নাগেশ্বরী চা বাগান। সরকার নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে মঙ্গলবার থেকে নতুন করে আন্দোলন শুরু করেছেন শ্রমিকরা। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম এবং পশ্চিমবঙ্গ চা-মজুর সমিতির মতো প্রধান রাজনৈতিক দলগুলোর শ্রমিক সংগঠন।
জানা গেছে, নাগেশ্বরী চা বাগান মেরিকো ও সম্মেলন গোষ্ঠীর অধীনস্থ। বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যেই শ্রম দফতরকে ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। কিন্তু শ্রমিকরা এই হারে বোনাস নিতে নারাজ। তাদের দাবি, ২০ শতাংশ বোনাস দিতে হবে।
এর আগে শ্রমিক নেতারা ঘোষণা করেছিলেন যে, ১৫ তারিখের মধ্যে ২০ শতাংশ বোনাসের বিষয়ে কোনো ঘোষণা না হলে ১৬ তারিখ থেকে আন্দোলন শুরু হবে। সেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই মঙ্গলবার শ্রমিকরা বাগানে একটি ‘গেট মিটিং’ করেন এবং এরপর মেটেলি থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
শ্রমিক নেতারা জানিয়েছেন, বাগানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে তারা মেটেলি থানার আইসিকে অবগত করেছেন। তারা দ্রুত মালবাজারের শ্রম অধিকারীর কাছে তাদের দাবি পেশ করবেন। শ্রমিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।