বাবা-মায়ের জীবদ্দশায় সম্পত্তির ভাগ পাবেন না নাতি-নাতনিরা, যুগান্তকারী রায় দিল্লি হাইকোর্টের

বাবা-মায়ের জীবদ্দশায় দাদু-ঠাকুমার সম্পত্তিতে নাতি-নাতনিদের কোনো ভাগ নেই—সম্প্রতি এমনটাই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গল বেঞ্চ এই রায়ে স্পষ্ট জানিয়েছেন যে, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬ অনুযায়ী, নাতি-নাতনিরা তাদের দাদু-ঠাকুমার সরাসরি প্রথম শ্রেণির উত্তরাধিকার নন।
মামলার পেছনের কাহিনি
সম্প্রতি এক হিন্দু মহিলা তার বাবা ও মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন। ওই মহিলার যুক্তি ছিল, যেহেতু তার বাবা উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি পেয়েছেন, তাই এই সম্পত্তিতে তারও সমান অধিকার রয়েছে।
পাল্টা, মহিলার বাবা ও মাসি যুক্তি দেন যে, তাদের বাবার মৃত্যুর পর তারা উত্তরাধিকার সূত্রে ওই সম্পত্তির সম্পূর্ণ অধিকার পেয়েছেন। তাই তাদের মেয়ের সেই সম্পত্তিতে কোনো অধিকার থাকতে পারে না।
আদালতের পর্যবেক্ষণ
দুই পক্ষের যুক্তি শোনার পর আদালত জানায়, একজন ব্যক্তি তার বাবা বা মায়ের মৃত্যুর পর তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। পরে সেই সম্পত্তি ওই ব্যক্তির সন্তানদের যৌথ পারিবারিক সম্পত্তি হিসেবে গণ্য হয়। কিন্তু এর একটি শর্ত আছে: বাবা-মায়ের জীবদ্দশায় তাদের অর্জিত পৈতৃক সম্পত্তিতে ছেলেমেয়েরা কোনো অধিকার দাবি করতে পারে না।
এই যুক্তিতেই দিল্লি হাইকোর্ট ওই মহিলার আবেদনটি খারিজ করে দেয়।