পুজোর আগেই ভোগান্তি! রবিবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে এই লাইনের লোকাল ট্রেন

পুজোর কেনাকাটার মরশুমে নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার থেকে টানা পাঁচ দিনের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

রেল সূত্রে খবর, ব্যান্ডেল-কাটোয়া শাখার ধাত্রীগ্রাম এবং অম্বিকা কালনা স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া লাইনে এই কাজ চলবে। এর জন্য প্রতিদিন ৩ ঘণ্টার ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। আগামী রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

যে ট্রেনগুলি বাতিল ও নিয়ন্ত্রণ করা হচ্ছে:

বাতিল: ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ লোকাল এবং কাটোয়া থেকে ৩৭৭৪৮ লোকাল ট্রেন দুটি বাতিল করা হয়েছে।

নিয়ন্ত্রণ: একই সময়ে ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল ট্রেনটি কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্লকের কারণে বিশেষ বা দেরিতে চলাচলকারী ট্রেন এবং নতুন চালু হওয়া ট্রেনগুলোকেও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের এই সংক্রান্ত তথ্যের জন্য স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

প্রতিদিন হাজার হাজার মানুষ এই লাইনে যাতায়াত করেন। সামনেই মহালয়া এবং দুর্গাপূজা। এই পরিস্থিতিতে পাঁচ দিন ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।