পেট থেকে চুল, বহুমুখী উপকারে ভরপুর পেয়ারার পাতা! জেনেনিন কীভাবে ব্যবহার করবেন?

পেয়ারা স্বাদে দারুণ হওয়ার পাশাপাশি ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামের মতো পুষ্টিগুণে ভরপুর একটি ফল। কিন্তু এর পাশাপাশি পেয়ারার পাতাও স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। পেয়ারার পাতায় ভিটামিন সি, ভিটামিন বি, মিনারেল, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রন-সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরকে নানাভাবে সুস্থ রাখতে সাহায্য করে।
পেয়ারার পাতার কিছু আশ্চর্য উপকারিতা:
পেয়ারার পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে খুব সহায়ক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন হৃদপিণ্ডকে ফ্রি-র্যাডিক্যালস থেকে রক্ষা করে, খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এছাড়া, পেয়ারার পাতার জল মাসিকের ব্যথা কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকর। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ ডায়রিয়ার ঝুঁকিও কমিয়ে দেয়।
পেয়ারার পাতা ব্যবহারের ৫টি পদ্ধতি:
১. পেয়ারার পাতার চা: ৬-৭টি পেয়ারার পাতা জলে ফুটিয়ে চা বানিয়ে নিন। এতে মধু বা লেবু যোগ করতে পারেন। এই চা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। খালি পেটে এটি পান করলে ওজন কমাতেও সাহায্য হয়।
২. ত্বকের জন্য: পেয়ারার পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী। পাতা পেস্ট করে মুখে ফেস মাস্ক হিসাবে লাগালে ব্রণ ও ক্ষত নিরাময়ে সাহায্য হয় এবং ত্বক আর্দ্র থাকে।
৩. মুখের দুর্গন্ধ দূর করতে: মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারার পাতা দারুণ কাজ করে। পাতাগুলিকে জলে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হবে। এটি মাড়ির ফোলাভাব এবং মুখের আলসারও কমাতে সাহায্য করে।
৪. চুলের যত্নে: চুল পড়া রোধ করতে পেয়ারার পাতা ব্যবহার করা যেতে পারে। পেয়ারার পাতার রস নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় লাগালে চুল মজবুত হয় এবং খুশকির সমস্যাও কমে।
৫. রক্তে শর্করা নিয়ন্ত্রণ: ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারার পাতার চা খুবই উপকারী। খালি পেটে এই চা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিন সংবেদনশীলতাও বাড়ে।