সীমান্ত দিয়ে ঢুকছে চোরাকারবারিরা! এবার রুখতে আসরে নামল বিএসএফ, যেভাবে চলছে অভিযান

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদক পাচার দিন দিন বেড়ে চলেছে। এই অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবার আসরে নেমেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শুক্রবার রাতে হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ন একটি বিশেষ অভিযান চালায়।
বলতলা ক্যাম্পের জওয়ানরা স্নাইপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তায় নাকা চেকিং করে। এ সময় প্রতিটি গাড়ি এবং পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যেকের আধার কার্ডও পরীক্ষা করে দেখা হয়।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বিএসএফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এপারে এসে নানা অপরাধ করছে বলে অভিযোগ তাদের। বিএসএফের এই কড়া নজরদারিতে তারা এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন।