‘বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে’, ভিনরাজ্যে শ্রমিকদের উপর হামলা নিয়ে কেন্দ্রকে তোপ রাজ্যের মন্ত্রীর

শুক্রবার পূর্ব বর্ধমানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে এসে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেন, যারা দেশকে বিক্রি করেছে, তাদের কাজ শুধু সমালোচনা করা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলোকে তুলে ধরে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী ৯৪-৯৫টি প্রকল্প চালু করেছেন, যা সারা ভারতে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি। পুরো পৃথিবীতে আমাদের রাজ্যের মতো এতো প্রকল্প নেই, অথচ বিরোধীদের কাজ শুধু সমালোচনা করা।”

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের শ্রমিকরা ১৫ আগস্টের পর মার খেল। বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। কোন আদর্শের জন্য দেশের মহান ব্যক্তিত্বরা লড়াই করেছিলেন? দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে কেন্দ্র?” নেপালে আটকে থাকা বাঙালিদের বিষয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এই দিনই শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত ভগবানপুর ১ ব্লকে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ৯টি আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নির্বাচনে রাম-বাম জোট প্রার্থী দিলেও কোনো আসন জিততে পারেনি।

এই জয়কে ‘উন্নয়নের জয়’ হিসেবে উল্লেখ করেছেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মণ্ডল। তিনি বলেন, এই জয়ের মাধ্যমে ভোটাররা বিরোধীদের অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছে।