দার্জিলিঙে ভারত-নেপাল সীমান্তে কী পরিস্থিতি? দিল্লিকে রিপোর্ট করবেন রাজ্যপাল

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের জেরে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার সরাসরি ভারত-নেপাল সীমান্ত পরিদর্শন করেছেন। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যেই রাজ্যপালের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।

বুধবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যপাল সোজা রানিডাঙায় এসএসবি-র উত্তরবঙ্গ সদর দফতরে যান। সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর তিনি পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছান। সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি পানিট্যাঙ্কি সেতুর মাঝ পর্যন্ত হেঁটে যান এবং এসএসবি ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

সীমান্ত বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ব্যবসা-বাণিজ্যের উপর যে প্রভাব পড়ছে, তা রাজ্যপালকে জানান। পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এসএসবি খুব ভালো কাজ করছে। চিন্তার কিছু নেই। প্রয়োজনে নিরাপত্তা আরও জোরদার করা হবে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে জানাব।”

সূত্রের খবর, এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতেই আজ বৃহস্পতিবার তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

এদিকে, নেপালের অশান্তির খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে রয়েছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি কলকাতা ফিরবেন না। মুখ্যমন্ত্রী বলেন, “যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে হয়তো আমাকে এখানে থেকে যেতে হবে। কারণ, আমাদেরও একটা দায়িত্ব রয়েছে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষও ভারত-নেপাল সীমান্ত পরিদর্শন করেছেন।