ধর্মগুরুর ডিপফেক ভিডিয়োর ফাঁদে পা, মহিলা খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

সোশ্যাল মিডিয়ায় এক স্বনামধন্য ধর্মগুরুর ডিপফেক (AI দিয়ে তৈরি ভুয়ো ভিডিও) দেখে অনলাইনে সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগ করে প্রতারিত হলেন বেঙ্গালুরুর এক মহিলা। এই ঘটনা ফের প্রমাণ করল, কীভাবে সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে তাদের নতুন ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।
বেঙ্গালুরুর সিভি রমণ নগরের ওই মহিলা ফেসবুকে একটি রিল (Reel) দেখেন, যেখানে একজন জনপ্রিয় ধর্মগুরু একটি বিনিয়োগ সংস্থার বিজ্ঞাপন করছেন। সেই রিলে দেখানো হয়, মাত্র ২৫০ ডলার বিনিয়োগ করে কীভাবে অল্প সময়ে বিশাল অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এতটাই নিখুঁতভাবে এই ভিডিওটি বানানো হয়েছিল যে, তা দেখে সহজেই বিশ্বাস করেন ওই মহিলা।
বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করে তিনি নিজের নাম, ফোন নম্বর-সহ সমস্ত ব্যক্তিগত তথ্য দেন। এরপরে তাকে তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে বিনিয়োগের নিয়ম শেখানো হয়। এই ‘প্রশিক্ষণ’ পাওয়ার পর তিনি দুই মাসের মধ্যে মোট ৩.৫ কোটি টাকা বিনিয়োগ করেন।
প্রতারণার শিকার হন যখন তিনি টাকা তুলতে যান। তখন তাকে জানানো হয়, টাকা তোলার জন্য প্রসেসিং ফি এবং ট্যাক্স বাবদ আরও টাকা দিতে হবে। এতেই সন্দেহ হয় ওই মহিলার। তিনি অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন, আর এর পর থেকেই প্রতারকদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পাঁচ মাস পর, সেপ্টেম্বর মাসে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, যেহেতু অনেক দেরিতে অভিযোগ জানানো হয়েছে, তাই খোয়া যাওয়া টাকা উদ্ধার করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য, এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও ওই ধর্মগুরুর ডিপফেক ভিডিও ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছিল। এমনকি, এই বছরের জুন মাসে তার মুখ ব্যবহার করে ছবি তৈরির বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে আইনি পদক্ষেপও নিয়েছিলেন। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে, সাইবার অপরাধের মোকাবিলায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।