জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ! পকেটে টান পড়তেই কলকাতা ফেরার পথে গ্রেফতার মূল অভিযুক্ত

হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের ঘটনায় অবশেষে ধরা পড়ল এক মূল অভিযুক্ত। বুধবার বর্ধমান স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, টাকার অভাব দেখা দেওয়ায় টাকা নিতে কলকাতায় ফিরছিল অভিযুক্ত চন্দন। আর সেই সময়ই পুলিশের জালে ধরা পড়ে সে।

পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের পর চন্দন ও তার সঙ্গী দেবাংশু প্রথমে উত্তর ২৪ পরগনায় দেবাংশুর এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, তারা রিজেন্ট পার্ক থেকে বাঘাযতীন স্টেশন যায়। সেখান থেকে ট্রেনে শিয়ালদহ হয়ে পৌঁছেছিল গুমা। কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়ায় আশ্রয় মেলেনি সেখানে।

এরপর পকেটে টান পড়ায় চন্দন ও দেবাংশু ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে নেমে পড়ে। সেখান থেকে টাকা নিয়ে আবার শান্তিনিকেতন ফেরার পরিকল্পনা ছিল চন্দনের। কিন্তু টাকা নিতে কলকাতা ফেরার পথেই বর্ধমান স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে সে। যদিও তার অপর সঙ্গী দেবাংশু এখনও পলাতক। পুলিশ তাকে খোঁজার জন্য জোর তল্লাশি চালাচ্ছে।