‘কংগ্রেস কি তামাকের ওপর ৫% জিএসটি চায়?’ বিরোধীদের তোপ দাগলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকের পর নতুন জিএসটি নীতি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে, তীব্র ভাষায় আক্রমণ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মলা সীতারমণ বলেন, কিছু বিরোধী নেতা সর্বোচ্চ কর ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার বিরোধিতা করছেন। এই প্রসঙ্গে তিনি কংগ্রেসকে কটাক্ষ করে প্রশ্ন করেন, “তাহলে কি গুটখা বা তামাকজাত দ্রব্যের ওপর ৫ শতাংশ কর চাইছে কংগ্রেস?”
তিনি আরও বলেন, ইউপিএ সরকারের আমলে জিএসটি চালু না হওয়ার কারণ ছিল রাজ্যগুলোর অবিশ্বাসের মনোভাব। রাজ্যগুলো সেই সময় ইউপিএ সরকারের উপর ভরসা করতে পারেনি যে কেন্দ্র করের ক্ষতিপূরণ করতে পারবে কি না।
নতুন নীতি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর থেকে সিগারেট, জর্দা, বিড়ি এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর ৪০ শতাংশ জিএসটি বসানো হবে। এই বর্ধিত কর ‘সিন ট্যাক্স’ হিসেবে নেওয়া হবে। অর্থাৎ, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের উপর অতিরিক্ত কর বসানো হবে।
শেষে নির্মলা সীতারমণ বলেন, “মানুষের জন্য ভালো বিষয়গুলোতে কংগ্রেস সমর্থন করবে নাকি বিরোধিতা করবে, সেটা তাদের ঠিক করতে হবে। জনগণ এর জবাব দেবে।”