‘CAA-তে কি ঠাঁই পাবে?’ বাংলাদেশি মুসলিমদের নিয়ে বিস্ফোরক শুভেন্দু, কি বললেন বিরোধী দলনেতা?

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে আবারও বিতর্ক উসকে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, এই আইনে বাংলাদেশি মুসলিমদের কোনো স্থান নেই। তিনি তাদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দাবি করেন, শুধুমাত্র ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিম সংখ্যালঘুরাই এই আইনের মাধ্যমে নাগরিকত্বের সুযোগ পাবেন।
শুভেন্দু অধিকারী বলেন, “CAA-তে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবাই অন্তর্ভুক্ত রয়েছেন। কিন্তু বাংলাদেশি মুসলিমদের স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী, ডিটেনশন ক্যাম্পে তাঁদের জায়গা।” তিনি আরও বলেন, এই আইনটি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে আসা মানুষদের জন্য।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও ১০ বছর বাড়ানোর ঘোষণা করেছে। এর ফলে যেসব অমুসলিম ২০১৪ সালের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, “হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকলেই সেকুলারিজম ও প্লুরালিজম টিকে থাকবে।”
এই আইনটি কার্যকর হওয়ার পর থেকেই তা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারীর এই কড়া মন্তব্যের পর বাংলার রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ তুলেছে যে, এই আইন বিভাজনের রাজনীতি করছে। সব মিলিয়ে, বাংলাদেশ থেকে আসা মুসলিম শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।