অমিতাভ-জয়ার সংসারে অশান্তি, জয়ার জন্য বাড়ি ছাড়েন অমিতাভের বাবা-মা

বলিউড তারকা জয়া বচ্চনকে ঘিরে বিতর্ক যেন শেষ হওয়ার নয়। বদমেজাজি, মেজাজ হারানো, ঐশ্বর্য-অভিষেকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—এমন নানা গুঞ্জন শোনা যায়। তবে এই সব ছাপিয়ে একবার জয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অমর সিং, যা আজও আলোচনার বিষয়। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন, জয়া বচ্চনের সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না।
বচ্চন পরিবারের অন্দরের খবর ফাঁস
প্রয়াত রাজনীতিবিদ অমর সিং ‘দৈনিক ভাস্কর’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জয়া বচ্চনের কারণেই নাকি অমিতাভের বাবা-মা, হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনকে আলাদা বাড়িতে থাকতে হয়েছে। প্রথমে তাঁরা অসুস্থতার কারণে দিল্লি থেকে অমিতাভের কাছে মুম্বইতে চলে আসেন এবং একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু অমর সিংয়ের দাবি ছিল, জয়া তাঁদের এই হঠাৎ আগমন মেনে নিতে পারেননি।
এরপর হরিবংশ রাই ও তেজি বচ্চন থাকতে শুরু করেন অমিতাভের বাংলো ‘প্রতীক্ষা’-তে, আর জয়া নিজের সন্তানদের নিয়ে থাকতে শুরু করেন অমিতাভের অন্য বাংলো ‘জলসা’-তে। তবে অমিতাভ জলসার বদলে নিজের বাবা-মা’কেই বেছে নিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে প্রতীক্ষাতেই থাকতেন।
হরিবংশ রাইয়ের আত্মজীবনীতেও একই ইঙ্গিত
এই বিতর্ক আরও জোরালো হয়েছিল যখন হরিবংশ রাই বচ্চন তাঁর আত্মজীবনীতে জয়ার পরিবারকে নিয়ে মুখ খোলেন। তিনি জানিয়েছিলেন, ছেলের বিয়ের পর জয়ার বাবা তরুণ কুমার ভাদুড়ির কাছ থেকে এক অদ্ভুত কথা শুনতে হয়েছিল তাঁকে। বিয়ের পর হরিবংশ রাই যখন তরুণ কুমারকে মজা করে বলেছিলেন, “এত সুন্দর জামাই পাওয়ার জন্য আপনাদের অভিনন্দন,” তখন নাকি তরুণ কুমার বলেছিলেন, “আমাদের পরিবারটাই শেষ হয়ে গেল।”
এই ধরনের ঘটনা এবং মন্তব্য বচ্চন পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে, যা আজও বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।