মোহনবাগান আমাকে পছন্দ করেছে’, শহরে নেমেই ঝড় তুললেন ব্রাজিলিয়ান তারকা রবিনহো

নতুন মরসুমে মোহনবাগান জনতার অন্যতম আকর্ষণ, ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন রবিনহো অবশেষে শহরে পা রেখেছেন এবং প্রথম দিনেই নেমে পড়লেন অনুশীলনে। ইস্টবেঙ্গল একসময় তাঁকে দলে নিতে আগ্রহী হলেও, অস্কার ব্রুজো-র হাত থেকে ফসকে রবিনহোকে তুলে নেয় মোহনবাগান। বাংলাদেশের বসুন্ধরা কিংসে দারুণ সাফল্য পাওয়ার পর এবার এপার বাংলাতেও নিজের জাদু দেখাতে প্রস্তুত এই ব্রাজিলিয়ান ফুটবলার।

বাংলায় কথা, কলকাতা জয়ের স্বপ্ন
কলকাতায় পা রেখেই রবসন জানান, তিনি বাংলা বেশ ভালোই বোঝেন। সাংবাদিক সম্মেলনে তাঁর মুখে বাংলাও শোনা যায়, যা মোহনবাগান সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। প্রথম দিনই তিনি সাংবাদিকদের সামনে বলেন, “আমি মোহনবাগানকে বাছিনি, মোহনবাগান আমাকে পছন্দ করেছে।” এই কথায় তাঁর আত্মবিশ্বাস স্পষ্ট।

প্রথম লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২। এই টুর্নামেন্ট দিয়েই তিনি মোহনবাগান সমর্থকদের হৃদয় জয় করতে চান। রবিনহোর ফেভারিট এখন বাংলাদেশের বিরিয়ানি, তবে তিনি আশাবাদী যে কলকাতার বিরিয়ানিও তাঁর মন জয় করবে।

ব্যারেটো এখন অনুপ্রেরণা
মোহনবাগানের কিংবদন্তি জোসে ব্যারেটোর কথাও শুনেছেন রবসন। ব্যারেটোর প্রতি সমর্থকদের ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করেছে। রবিনহো বলেন, “সামনাসামনি পরিচয় না হলেও, ব্যারেটোই এখন আমার অনুপ্রেরণা।” তিনি পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের সেই ভালোবাসা অর্জন করতে চান।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। রবিনহো জানান, নেইমার মানুষ হিসেবে খুবই ভালো এবং তাঁর বিরুদ্ধে খেলা দারুণ এক অভিজ্ঞতা ছিল। ডুরান্ড ডার্বির উত্তাপ তিনি সামনে থেকে না দেখলেও, তার তীব্রতা টের পেয়েছেন। আপাতত তাঁর সমস্ত মনোযোগ এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২-এর দিকে। ব্যারেটো এবং সোনির মতো তিনিও মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে উঠতে চান।