উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর দুর্নীতি ফাঁস, ভোটার তালিকায় ১ কোটির বেশি ভুয়ো নাম

উত্তরপ্রদেশের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এক বড় কেলেঙ্কারির ইঙ্গিত মিলেছে। ভারতের নির্বাচন কমিশনের তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক কোটিরও বেশি ‘সন্দেহজনক’ ভোটারের হদিশ পাওয়া গেছে। সরকারি সূত্রের খবর, এই ভোটারদের নাম, ঠিকানা, লিঙ্গ এবং বয়সের মধ্যে এমন অস্বাভাবিক মিল রয়েছে যা তাদের সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এআই-এর সাহায্যে জালিয়াতি ফাঁস
এই প্রথমবার উত্তরপ্রদেশের ভোটার তালিকা যাচাইয়ের জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এআই-চালিত অডিট ডাটাবেসটি এই বিপুল সংখ্যক সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করেছে। এআই রিপোর্ট হাতে আসার পর নির্বাচন কমিশন প্রতিটি ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। বুথ লেভেল অফিসারদের (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার রাজ প্রতাপ সিং নিশ্চিত করেছেন যে, মুখ শনাক্তকরণ ব্যবস্থা (ফেসিয়াল আইডেন্টিফিকেশন) এবং এআই প্রযুক্তি এখন থেকে নির্বাচনী প্রক্রিয়ার প্রধান অংশ হবে। তিনি বলেন, বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে ভুয়ো ভোটার শনাক্ত করতে এআই-ভিত্তিক সিস্টেম ব্যবহার করা হবে।

রাজনৈতিক চাপানউতোর
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের হদিশ মেলায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে, সকল চিহ্নিত ভোটারদের সশরীরে যাচাই করে এবং ভুয়ো নামের অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলি অত্যন্ত জরুরি।