SSC মামলা: ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চ আগামী সাত দিনের মধ্যে ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে।
৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কিছু চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুনানির সময় তারা অভিযোগ করেন যে এখনও ‘অযোগ্য’ প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে পারছেন। এই অভিযোগ শুনে বিচারপতিরা প্রশ্ন তোলেন, কেন এখনও পর্যন্ত অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি এবং কেন কমিশন তাদের হয়ে হাইকোর্টে গিয়েছিল?
এর উত্তরে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, যোগ্য ও অযোগ্যদের নিয়ে কোনো রকম সমস্যা বরদাস্ত করা হবে না। বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন, নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর শীর্ষ আদালত প্রতি মুহূর্তে নজর রাখছে এবং কোনো রকম গরমিল দেখলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে।
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি আপনাদের বলতে পারি, ওরা এখনও সততার সঙ্গে সেই তালিকা প্রকাশ করবে না। কারণ, ওরা জানে যাদের থেকে টাকা নিয়েছে, তাদের নাম বেরিয়ে এলে বিপদ হবে।”
অন্যদিকে, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পরীক্ষা যেমন হওয়ার তেমনই হবে। সুপ্রিম কোর্ট শুধু বলেছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, কারণ তারা কেউ এই পরীক্ষায় বসতে পারবে না।”
সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানের ফলে নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নিয়েছে। এখন দেখার বিষয়, আগামী সাত দিনের মধ্যে এসএসসি এই নির্দেশ কতটা কার্যকর করতে পারে।