কখনও হাসি-কখনও কৌতূহল, মোদীর বাসভবনে শুভাংশু, নভশ্চরকে কী বললেন প্রধানমন্ত্রী?

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে ফিরে আসার পর ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা দেশে ফিরলেন। দেশে ফেরার পর তিনি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারে মহাকাশে তাঁর অভিজ্ঞতা এবং ‘অক্সিয়ম-৪’ মিশন নিয়ে আলোচনা হয়।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি মনোযোগ দিয়ে শুভাংশু শুক্লার কথা শুনছেন এবং কখনও হাসছেন, আবার কখনও কৌতূহল প্রকাশ করছেন। জানা গেছে, সাক্ষাৎকালে শুক্লা প্রধানমন্ত্রীকে তাঁর মিশনের ‘প্যাচ’ উপহার দেন এবং মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি দেখান।

গত ২৬ জুন শুভাংশু শুক্লা ‘অক্সিয়ম-৪’ অভিযানের অংশ হিসেবে আরও তিনজন নভশ্চরের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস তৈরি করেন। প্রায় ১৮ দিন মহাকাশে থাকার পর তিনি গত ১৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন। মহাকাশে থাকাকালীন তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা চালান।

পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পুনর্বাসন (rehabilitation)-এ থাকার পর রবিবার তিনি ভারতে ফিরে আসেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং সন্তান, যাঁদেরও সংবর্ধনা জানানো হয়।

দেশে ফেরার আগে শুভাংশু শুক্লা আবেগঘন একটি পোস্ট করেন। তিনি লেখেন, “ভারতে ফেরার বিমানে বসে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। যারা আমার পরিবার, বন্ধু হয়ে উঠেছিলেন, তাদের ছেড়ে আসতে আমার কষ্ট হচ্ছে। আবার আমার বন্ধু, পরিবার ও দেশের সকলের সঙ্গে দেখা করতেও উৎসাহিত।” তিনি শাহরুখ খানের একটি জনপ্রিয় গানের লাইন ব্যবহার করে জীবনের পরিবর্তনশীল দিকটি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদি মহাকাশ যাত্রার আগে শুভাংশু শুক্লাকে তাঁর পুরো প্রশিক্ষণের পদ্ধতি নথিভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন। এটি ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি ‘গগনযান’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। আগামী জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।