সারাজীবন নিখরচায় ট্রেন সফরের সুবিধে রেলকর্মী ও তাঁদের পরিবারের? জেনেনিন কী কী শর্ত ?

দেশের গণপরিবহণ ব্যবস্থার মধ্যে ভারতীয় রেল বেশ জনপ্রিয়, কারণ এটি সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ দেয়। সাধারণ যাত্রীদের মতোই প্রায়ই প্রশ্ন ওঠে, রেলের কর্মীরা কি বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারেন? নাকি তাঁদেরও টিকিট কাটতে হয়? এই বিষয়ে অনেকের মধ্যেই একটি ভুল ধারণা প্রচলিত আছে।

অনেকেই মনে করেন, ভারতীয় রেলে কর্মরত কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা আজীবন বিনা খরচে লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে পারেন। তবে রেলের নিয়ম অনুযায়ী, এই সুবিধা সবার জন্য সমান নয়, এবং এর কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে।

রেল সূত্রে খবর, ভারতীয় রেলের আধিকারিক ও কর্মীরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তাঁদের কর্মজীবনের ধরন এবং চাকরির সময়ের ওপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হয়। পাঁচ বছর চাকরি পূর্ণ হওয়ার পর কর্মীদের ‘রেলওয়ে পাস’ এবং ‘প্রিভিলেজ টিকিট অর্ডার (পিটিও)’ দেওয়া হয়। এই পাসের সাহায্যে কর্মীরা বছরে তিনবার সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনে ভ্রমণ করতে পারেন। এই পাসের অধীনে কর্মী নিজে, তার বাবা-মা, স্ত্রী এবং সন্তানরা ভ্রমণ করতে পারেন।

এছাড়াও, কর্মীরা বছরে চারটি পিটিও সেট পান। পিটিও-র ক্ষেত্রে অবশ্য টিকিটের এক-তৃতীয়াংশ মূল্য নিজেদের দিতে হয়। যারা পাঁচ বছরের কম সময় ধরে চাকরি করছেন, তাঁরাও একটি পাস পান, যার মেয়াদ এক বছর থাকে। এই সময়সীমা পার হয়ে গেলে তাঁদেরও অন্যান্য যাত্রীর মতোই টিকিট কেটে যাতায়াত করতে হয়। অর্থাৎ, রেলকর্মীরা সব সময়ই যে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারেন, এমনটা নয়। এই সুবিধা পাওয়ার জন্য তাঁদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।