পায়রাদের খাওয়ানো নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন বম্বে হাই কোর্টের, জেনেনিন কেন এই পদক্ষেপ?

মুম্বইয়ের কবুতরখানাগুলোতে পায়রাদের খাওয়ানো নিয়ে জনস্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ছে, তা খতিয়ে দেখতে বম্বে হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। বুধবার, ১৩ই অগাস্ট, এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করে আদালত জানিয়েছে যে, জনগণের স্বাস্থ্য রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদালত এই কমিটি গঠনের বিষয়ে আগামী ২০ই অগাস্টের মধ্যে রাজ্য সরকারকে জানাতে বলেছে।

বিচারপতি আরিফ এস ডক্টর এবং বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধ করা পুরসভার অন্যতম প্রধান দায়িত্ব। মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুরসভা আগেই কবুতরখানাগুলিতে পায়রাদের খাওয়ানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

হাইকোর্ট গঠিত এই কমিটির নেতৃত্বে থাকবেন জনস্বাস্থ্য বিভাগের ডিরেক্টর। কমিটির সদস্য হিসেবে বৃহন্মুম্বই পুরসভা, টাউন প্ল্যানিং দপ্তর, বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, মহারাষ্ট্র অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা থাকবেন। এছাড়া, ফুসফুস বিশেষজ্ঞ সুজিত রঞ্জন ও ডক্টর অমিতা ইউ আটওয়ালে, একজন ভেটেরিনারি সায়েন্সের অধ্যাপক এবং একজন মাইক্রোবায়োলজিস্টও কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন।

আদালত জানিয়েছে, কমিটি তার প্রথম বৈঠকের এক মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে মুম্বই পুরসভা দাদারের কবুতরখানাগুলি বন্ধ করার নির্দেশ দিলেও, কয়েকজন পক্ষীপ্রেমী এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার নিষ্পত্তির আগেই আদালত এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।