FD-র দিন শেষ! সুরক্ষিত ও বেশি রিটার্নের এই সরকারি স্কিমগুলি জানেন কি?

টাকা ইনভেস্ট করবেন, অথচ ন্যূনতম ঝুঁকিও নিতে চান না— এমন সাধারণ মানুষের কাছে প্রথমেই ভরসার জায়গা হয়ে ওঠে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হার এবং সরকারি সুরক্ষার কারণে এফডি অত্যন্ত জনপ্রিয়। তবে শুধু এফডি-তেই টাকা আটকে রাখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ব্যাংকের এফডি-র মতোই বা তার চেয়েও বেশি সুদে টাকা বাড়ানোর বেশ কিছু নিরাপদ সরকারি বা সরকার-সমর্থিত বিকল্প রয়েছে।
কোথায় কোথায় মিলতে পারে এফডি-র চেয়েও ভালো রিটার্ন? একনজরে দেখে নিন সেরা ৪টি বিকল্প:
১. এনপিএস (NPS): অবসরের জন্য বড় ফান্ড
অবসরের পরে নিয়মিত আর্থিক সুরক্ষার জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস অত্যন্ত জনপ্রিয়। এটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)-র নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
-
বৈশিষ্ট্য: এখানে বিনিয়োগের একটি অংশ শেয়ার বাজার বা ইক্যুইটিতে খাটানো হয়। ফলে এফডি-র মতো সুদের হার আগে থেকে নির্দিষ্ট না থাকলেও, দীর্ঘমেয়াদে এতে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। ৬০ বছর বয়সে এই তহবিল থেকে বড় অংকের ফান্ড ও মাসিক পেনশনের ব্যবস্থা করা যায়।
২. আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড (RBI Floating Rate Savings Bond): ১০০% সিকিওর
নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের এই বন্ড দারুণ আকর্ষণীয়। বর্তমানে এই বন্ডে ৮.০৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়, যা পরিবর্তনশীল।
-
বিনিয়োগের নিয়ম: মাত্র ১ হাজার টাকা থেকেই এতে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে এর লক-ইন পিরিয়ড ৭ বছর, অর্থাৎ এফডি-র মতো জরুরি প্রয়ুদ্ধেই টাকা তুলে নেওয়া যায় না।
৩. প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প (SCSS): সিনিয়ার সিটিজেনদের জন্য সেরা
৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণদের নিয়মিত আয়ের কথা মাথায় রেখে এই সরকারি প্রকল্প তৈরি করা হয়েছে।
-
সুদ ও সীমা: বর্তমানে এই প্রকল্পে ৮.২ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। এর সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে। পাঁচ বছরের মেয়াদের এই স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়া যায়, যা অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত সুবিধাজনক।
৪. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS): প্রতি মাসে নিশ্চিত আয়
যাঁরা এককালীন টাকা জমিয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের হাতখরচ বা আয় চান, তাঁদের জন্য পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম দারুণ উপকারী।
-
সুদ ও অ্যাকাউন্ট: বর্তমানে এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ মিলছে। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা পর্যন্ত সুদ মিলতে পারে।
বিনিয়োগের আগে যা মাথায় রাখা জরুরি
শুধুমাত্র বেশি সুদ দেখেই কোনো স্কিমে টাকা ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিনিয়োগের আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করুন:
-
টাকা কত দিনের জন্য লক হয়ে থাকছে।
-
সুদের হার স্থির না পরিবর্তনশীল।
-
সুদের ওপর কর (Tax) কত দিতে হবে।
-
জরুরি প্রয়োজনে টাকা তোলার লিকুইডিটি কেমন।
আপনার বয়স, আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করেই সঠিক স্কিমটি বেছে নেওয়া উচিত।
(দ্রষ্টব্য: এটি শুধুমাত্র তথ্য পরিবেশন মাত্র, কোনো বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বা কোনো স্কিমে টাকা খাটানোর আগে অবশ্যই নিজে যাচাই করুন এবং আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।)