OMG! শরীরে ব্লেড চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা, স্বাধীনতা দিবসে DM অফিসে মারাত্মক কাণ্ড

স্বাধীনতা দিবসের দিনে পুরুলিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠান চলাকালীন এক ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন পর্বের সময় পুরুলিয়ার ব্যবসায়ী দীনেশ আগরওয়াল হঠাৎ করে জেলাশাসকের অফিসের সামনে এসে পকেট থেকে একটি ব্লেড বের করে শরীরের বিভিন্ন অংশ কাটতে শুরু করেন। উপস্থিত লোকজন ও পুলিশকর্মীরা দ্রুত তাকে থামিয়ে দেন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই ঘটনার পেছনে কারণ হিসেবে ওই ব্যবসায়ী জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। দীনেশ আগরওয়াল বলেন, “এক বোতল রক্তের দাম ২০০ টাকা, আর আমার ৬০ কোটি টাকা নিয়ে নেওয়া হয়েছে। আমার ফ্ল্যাট, ফ্যাক্টরি সব বিক্রি করে দিতে হয়েছে। ঝালদায় আমার জমি কোনো কারণ ছাড়াই খাস করে দেওয়া হয়েছে।” তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমি এর শেষ দেখে ছাড়ব, কোনো দুর্নীতিগ্রস্ত লোককে ছাড়ব না।”

জেলাশাসক রজত নন্দা এই বিষয়ে বলেন যে, “বিষয়টি ভূমি দপ্তর দেখছে।” অন্যদিকে, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যবসায়ী সরকারি জমি নিজের নামে চাইছিলেন। এর জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যা তাকে মেনে চলতে হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন ওই ব্যবসায়ীর মানসিক অবস্থা খতিয়ে দেখছে এবং তার অভিযোগের সত্যতা যাচাই করার চেষ্টা করছে।