স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুপস্থিত রাহুল গান্ধী, ‘পাক-প্রেমি’ বলে কটাক্ষ গেরুয়া শিবিরের

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লালকেল্লায় উপস্থিত না থাকায় রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তাঁরা দুজনেই ইন্দিরা ভবনে কংগ্রেসের সদর দফতরে দলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেও, লালকেল্লায় তাঁদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপি-র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সামাজিক মাধ্যমে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের এই আচরণকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, “এক টিভি বিতর্কে কংগ্রেস মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লালকেল্লার ১৫ আগস্টের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এটা একটা জাতীয় উদযাপন। তবে পাকিস্তানি প্রেমী রাহুল গান্ধী দুঃখজনকভাবে মোদী বিরোধিতা করতে করতে দেশ এবং সেনার বিরোধী হয়ে পড়েছেন।”

লালকেল্লায় অনুপস্থিত থাকলেও, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে সামাজিক মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। খাড়গে তাঁর বার্তায় সংবিধানের অধিকার, সামাজিক ন্যায় এবং জাতীয় ঐক্যের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধী সত্য, সাম্য এবং ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে একটি জাতি গঠনের অঙ্গীকারের কথা বলেছেন।