স্বাধীনতা দিবসে মর্মান্তিক ঘটনা! গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম ৬ জনের

৭৯তম স্বাধীনতা দিবসের দিনে বেঙ্গালুরুতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। চিন্নয়নপাল্যায়ের শ্রীরাম কলোনির একটি বাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম মোবারক (৮)। বিস্ফোরণটি কস্তুরম্মা নামে এক ব্যক্তির বাড়িতে ঘটে, মোবারক তার পাশের বাড়িতে থাকত। আহতদের মধ্যে রয়েছেন কস্তুরম্মা, সরসাম্মা, শাবিরানা বানু, সুব্রামণি, শেখ নাজিদ উল্লাহ এবং আট বছর বয়সী ফাতিমা। বিস্ফোরণের ধাক্কায় বাড়ির দেয়াল ও ছাদ ধসে পড়েছে, যার ফলে আশেপাশের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী এবং ত্রাণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী সঞ্জয় গান্ধী এবং জয়নগর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিক ভাবে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের সন্দেহ করছে। তবে বাসিন্দাদের মতে, বিস্ফোরণের শব্দ এবং তীব্রতা অস্বাভাবিকভাবে বেশি ছিল, যা অন্য কোনো কারণের দিকে ইঙ্গিত করতে পারে। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল নমুনা সংগ্রহ করেছে।

এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের নিয়মিত গ্যাস সিলিন্ডার পরীক্ষা করার এবং গ্যাস লিকেজ হলে দ্রুত গ্যাস সরবরাহকারী সংস্থাকে জানানোর জন্য আবেদন করা হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।