সামশেরগঞ্জে প্রসূতিদের জন্য বড় পদক্ষেপ! বিনামূল্যে মিলবে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স, এক ফোনেই হবে হাজির

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে প্রসূতি মহিলাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে। এই উদ্যোগে সামশেরগঞ্জের স্বাস্থ্য পরিষেবা এক নতুন মাত্রা পেল।

কীভাবে মিলবে এই পরিষেবা?
এই অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে হলে শুধুমাত্র ১০২ নম্বরে ডায়াল করতে হবে। এরপরেই অ্যাম্বুল্যান্সটি প্রসূতিদের বাড়িতে পৌঁছে যাবে এবং তাদের নিরাপদে অনুপনগর হাসপাতালে নিয়ে আসবে। শুধু তাই নয়, সন্তান প্রসবের পর এই অ্যাম্বুল্যান্সই মা ও নবজাতককে বাড়ি পৌঁছে দেবে। কোনো প্রসূতির অবস্থা গুরুতর হলে, তাকে অন্য সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার জন্যও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা?
পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম।

বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রসূতি মা এবং নবজাতকদের জন্য নিরাপদ, দ্রুত এবং বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা নিশ্চিত করা।” তিনি আরও জানান, এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সগুলোতে অক্সিজেন এবং প্রেসার পরীক্ষার মতো জরুরি ব্যবস্থাও রয়েছে। খুব শীঘ্রই এখানে বিড়ি শ্রমিকদের জন্য ১০০ শয্যার একটি নতুন হাসপাতালও উদ্বোধন করা হবে।