ভারতীয় সিনেমার ইতিহাসে ‘শোলে’র ৫০ বছর পূর্ণ, সিনেমার এই মজাদার ফ্যাক্ট জানা ছিল আপনার?

ভারতীয় সিনেমার আইকনিক চলচ্চিত্র ‘শোলে’ আজ তার ৫০তম বর্ষপূর্তি উদযাপন করছে। ১৯৭৫ সালের এই দিনেই মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত এই কাল্ট ক্লাসিক। পাঁচ বছর ধরে প্রেক্ষাগৃহে চলা এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবি হিসেবে গণ্য হয়। এই বিশেষ দিনে, চলুন জেনে নিই ‘শোলে’ সম্পর্কিত কিছু অজানা ও আকর্ষণীয় তথ্য।
সিনেমা বাজেট ও তারকাদের পারিশ্রমিক
বাজেট: ৩ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিসে আয় করে ৩৫ কোটি টাকা, যা বাজেটের প্রায় দশ গুণ।
পারিশ্রমিক: ধর্মেন্দ্র (বীরু) সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান। এরপর সঞ্জীব কুমার (ঠাকুর) ১.২৫ লক্ষ, অমিতাভ বচ্চন (জয়) ১ লক্ষ এবং হেমা মালিনী (বাসন্তী) ৭৫ হাজার টাকা পান।
খলনায়কের পারিশ্রমিক: গব্বর সিং চরিত্রে অভিনয়ের জন্য আমজাদ খান পান ৬৫ হাজার টাকা, যদিও তার গলার স্বর শুনে প্রথমে জাভেদ আখতার তাকে বাদ দিতে চেয়েছিলেন।
রেকর্ড ও অজানা তথ্য
একমাত্র ফিল্মফেয়ার: আয়ের দিক থেকে শীর্ষে থাকলেও ‘শোলে’ মাত্র একটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল — সেরা এডিটিং-এর জন্য। সেরা সিনেমা, পরিচালনা, ও সংলাপের মতো গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো গিয়েছিল ‘দিওয়ার’-এর ঝুলিতে।
রজতজয়ন্তী: এটিই প্রথম ভারতীয় সিনেমা যা দেশের ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে টানা ২৫ সপ্তাহ ধরে চলেছিল।
চরিত্রের নামকরণ: জয় এবং বীরুর নাম নেওয়া হয়েছিল চিত্রনাট্যকার সেলিম খানের কলেজের দুই বন্ধুর নামে।
গব্বরের বিজ্ঞাপন: ‘গব্বর সিং’ চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে একটি বিস্কুট কোম্পানি তাকে তাদের বিজ্ঞাপনের মুখ করে। কোনো খলনায়ককে বিজ্ঞাপনে ব্যবহারের এটিই ছিল প্রথম ঘটনা, যার ফলে বিস্কুটের বিক্রি দ্বিগুণ হয়।
অন্যান্য: ট্রেনের দৃশ্যের শুটিং হয়েছিল টানা ২০ দিন ধরে। অভিনেতা শচীন পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন একটি রেফ্রিজারেটর। সিনেমার জয় এবং বীরুর বিখ্যাত কয়েন ফ্লিপ করার দৃশ্যটি নেওয়া হয়েছিল গ্যারি কুপার অভিনীত ‘গার্ডেন অফ ইভিল’ থেকে।
১৯৯৬ সালের ১৫ আগস্ট, ‘শোলে’র ২১তম বার্ষিকীতে এটি প্রথমবারের মতো দূরদর্শনে সম্প্রচারিত হয়। শোনা যায়, সেদিন অনেক জায়গায় রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছিল। সিনেমার শুটিংয়ের সময় জয়া বচ্চন গর্ভবতী ছিলেন এবং শ্বেতা তখন তার গর্ভে। সিনেমাটি যখন মুক্তি পায়, তখন তার গর্ভে বেড়ে উঠছিলেন অভিষেক বচ্চন।