OMG! নকল স্বর্ণমুদ্রা দেখিয়ে ব্যবসায়ীর ২৫ লক্ষ টাকা ছিনতাই, গ্রেফতার ৩ জন

নকল স্বর্ণমুদ্রা দেখিয়ে গুজরাটের এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে হাওড়া গ্রামীণ পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা নগদ এবং নকল মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃতেরা হলো শেখ রেজওয়ান, শেখ ওয়াসিম এবং শেখ আলি হোসেন।

হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল বৃহস্পতিবার জানান, গুজরাটের ব্যবসায়ী মহম্মদ ইয়াসিন আনিস মেহমনের কাছে আগে কাজ করত ওয়াসিম। সেই সূত্রেই সে গত জুলাই মাসে ওই ব্যবসায়ীকে ফোন করে জানায় যে, জগৎবল্লভপুরের একটি ধানখেতে মাটি খুঁড়তে গিয়ে একটি কলসি ভর্তি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। ওয়াসিম কম দামে সেই মুদ্রাগুলো বিক্রি করার প্রস্তাব দেয়। আলোচনার পর ২৫ লক্ষ টাকায় রফা হয় এবং সেই টাকা নিয়ে ব্যবসায়ীকে জগৎবল্লভপুরের মহেন্দ্রলালনগর স্টেশনে আসতে বলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা প্রথমে ব্যবসায়ীকে বিশ্বাস করানোর জন্য একটি আসল স্বর্ণমুদ্রা দেখিয়েছিল। কিন্তু বাকি মুদ্রাগুলো নকল ছিল। বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ী সেগুলো নিতে অস্বীকার করলে, ওই তিন প্রতারক তাঁর কাছ থেকে ২৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এমনকি, বিশ্বাস অর্জনের জন্য প্রথমে যে আসল মুদ্রাটি দেওয়া হয়েছিল, সেটিও তারা কেড়ে নেয়। এরপরই ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ তদন্ত শুরু করে শেখ রেজওয়ান, শেখ ওয়াসিম এবং শেখ আলি হোসেনকে গ্রেপ্তার করে। রেজওয়ান ও আলি হোসেনের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায় এবং ওয়াসিমের বাড়ি পাঁচলার জুজারসাহাতে। এই গ্রেপ্তারের ফলে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের বিরুদ্ধে একটি বড় সাফল্য পেল পুলিশ।