“বিশ্বের সবথেকে বড় NGO, দেশ গড়ার কাজ করছে”-লালকেল্লা থেকে RSS-এর প্রশংসা মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর প্রশংসা করে বলেছেন যে এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা (NGO)। তিনি বলেন, “আরএসএস ১০০ বছর আগে তৈরি হয়েছিল এবং সর্বদা জাতি গঠনের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।” প্রধানমন্ত্রী জানান, চলতি বছর আরএসএস তাদের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করতে চলেছে এবং তিনি এই সংগঠনের ইতিহাস নিয়ে গর্বিত।
চলতি বছর ‘সংঘ যাত্রার ১০০ বছর – নতুন দিগন্ত’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান হতে পারে, যেখানে সংঘ চালক মোহন ভাগবত উপস্থিত থাকতে পারেন। এই অনুষ্ঠানের লক্ষ্য হল আরএসএস-এর আদর্শকে দেশবাসীর সামনে তুলে ধরা। জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক দলের ব্যক্তিত্বদেরও এতে আমন্ত্রণ জানানো হবে।
ভাষণে প্রধানমন্ত্রী মোদী বাংলা ভাষারও প্রশংসা করেছেন। তিনি বলেন, “বৈচিত্র্যই আমাদের দেশের সংস্কৃতি এবং শক্তি। আমাদের দেশে ভাষার বৈচিত্র্যও রয়েছে। মারাঠি, অহমিয়া, বাংলা, পালি এবং প্রাকৃত-এর মতো ভাষাগুলোকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে।” তিনি বলেন যে এই ভাষাগুলো আমাদের জ্ঞানের উৎস এবং প্রত্যেক ভারতবাসীর এই ভাষাগুলো নিয়ে গর্বিত হওয়া উচিত।
এছাড়াও, প্রধানমন্ত্রী জিএসটি নিয়ে একটি বড় ঘোষণা করেন। তিনি জানান যে সরকার শীঘ্রই ‘নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার’ আনবে, যা সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে। তিনি এটিকে দীপাবলির উপহার হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে এই নতুন সংস্কারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর করের পরিমাণ কমানো হবে, যা জিনিসপত্রের দাম কমাতে সাহায্য করবে।