‘প্রথম বেসরকারি চাকরিতে ঢুকলে সরকারের থেকে ১৫০০০ টাকা’, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মোদীর

৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবসমাজের জন্য এক নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নামে এই নতুন প্রকল্পের আওতায় প্রথমবারের মতো বেসরকারি খাতে চাকরিপ্রাপ্ত তরুণ-তরুণীদের ১৫,০০০ টাকা সহায়তা দেওয়া হবে। এই প্রকল্প থেকে ৩.৫ কোটিরও বেশি যুবক-যুবতী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “আমার দেশের যুবসমাজের জন্য আজ ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করতে চলেছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, বেসরকারি ক্ষেত্রে প্রথম চাকরি পাওয়া যুবক-যুবতীরা সরকারের কাছ থেকে ১৫,০০০ টাকা পাবেন।” তিনি আরও জানান, যে সংস্থাগুলিতে বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তাদেরও ইনসেনটিভ অ্যামাউন্ট দেওয়া হবে।
আত্মনির্ভরতার বার্তা এবং প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ
প্রধানমন্ত্রী এই দিনে দেশের যুব সমাজকে আত্মনির্ভরতার গুরুত্ব সম্পর্কেও অবহিত করেন। তিনি বলেন, “আসল দুর্ভাগ্য শুরু হয় যখন নির্ভরতা একটি অভ্যাসে পরিণত হয়। তখন আমরা উপলব্ধির আগেই আত্মনির্ভরশীল হওয়া বন্ধ করে দিই এবং অন্য কারও উপর নির্ভর করা শুরু করি।” তিনি বিশ্বব্যাপী বাণিজ্য চ্যালেঞ্জের মুখে দেশের জনগণকে স্বনির্ভর থাকার বার্তা দেন।
এছাড়াও, প্রযুক্তি খাতে ভারতের অগ্রগতি নিয়েও তিনি বড় ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা মিশন মোডে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছি। এই বছরের শেষ নাগাদ মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে।” এরই সঙ্গে তিনি তরুণ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং পেশাদারদের উদ্দেশে ভারতের নিজস্ব যুদ্ধবিমানের জন্য জেট ইঞ্জিন তৈরির আহ্বান জানান।
কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি
ভাষণের শেষে প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁর সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ‘প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে’।