স্বাধীনতা দিবস ১৫ আগস্ট নয়, ১৮ জুলাই কি ভারতের আসল জন্মদিন,

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনে দেশজুড়ে পালিত হয় স্বাধীনতার উৎসব। কিন্তু আমরা ক’জন জানি যে, এই দিনটির ঠিক এক মাস আগেই আইনত স্বাধীনতা পেয়েছিল ভারত? ১৯৪৭ সালের ১৮ জুলাই, যে দিন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল, সেই দিনটিই ছিল এক অর্থে স্বাধীন ভারতের জন্ম মুহূর্ত। এই আইনই নির্ধারণ করে দিয়েছিল দেশের ভবিষ্যৎ।

ঐতিহাসিক প্রেক্ষাপট: মাউন্টব্যাটেন প্ল্যান

১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে লর্ড মাউন্টব্যাটেন ভারতে এসেছিলেন ক্ষমতা হস্তান্তরের জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। মুসলিম লিগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য আলাদা দেশ গঠনের দাবিতে অটল ছিলেন। এই পরিস্থিতিতে মাউন্টব্যাটেন একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেন, যা ‘মাউন্টব্যাটেন প্ল্যান’ নামে পরিচিত। এই প্ল্যানে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র গঠনের পাশাপাশি বাংলা, আসাম এবং পাঞ্জাবের ভাগ্য নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্ল্যানকেই ভিত্তি করে ব্রিটেনে ভারতীয় স্বাধীনতা বিল তৈরি হয়।

১৮ জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব

১৯৪৭ সালের ৫ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা বিলটি পাশ হওয়ার পর তা রাজ-অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজা ষষ্ঠ জর্জের আনুষ্ঠানিক অনুমোদন আসে ১৮ জুলাই। এই দিনই বিলটি আইনে পরিণত হয়। এর পরেই শুরু হয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, যা লর্ড মাউন্টব্যাটেন এক মাসের মধ্যে ১৫ আগস্ট সম্পন্ন করেন। তাই ১৫ আগস্ট দিনটি মূলত ক্ষমতা হস্তান্তরের প্রতীকী দিন, যেখানে ১৮ জুলাই ছিল আইনি ও রাজনৈতিক স্বাধীনতার চূড়ান্ত মুহূর্ত। আজও ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এই আইনের ২২ পাতার নির্যাস সংরক্ষিত আছে, যা স্বাধীন ভারতের ভাগ্যের সাক্ষী।