জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়, মাছেল যাত্রা স্থগিত

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চশোতি এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জনপ্রিয় ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই বিপর্যয় ‘মাছেল যাত্রা’র রুটে ঘটেছে। প্রতি বছর ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই যাত্রা হাজার হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে পৌঁছাতে হয়। এই যাত্রা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রাটি আপাতত স্থগিত করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কিশতোয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজকুমার শর্মা, সিনিয়র পুলিশ সুপার নরেশ সিং-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতা সুনীল কুমার, যিনি স্থানীয় বিধায়কও, উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ওই এলাকায় বহু মানুষ উপস্থিত ছিলেন এবং ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে। তিনি জানান, এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই বিপর্যয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।