পাওনা টাকা চাওয়ায় মুম্বইয়ে বাংলার শ্রমিকের কান কেটে দেওয়ার অভিযোগ

ভিন রাজ্যে কাজের খোঁজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা এবার আরও এক ভয়ঙ্কর রূপ নিলো। মজুরির পাওনা টাকা চেয়ে না পাওয়ায় থানায় অভিযোগ জানানোর ‘অপরাধে’ এক বাঙালি শ্রমিকের দু’কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে, যেখানে অভিযুক্ত এক ঠিকাদার। আক্রান্ত শ্রমিকের বাড়ি বীরভূমে।

বীরভূমের নলহাটি পুরসভার রাজাপুকুর পাড়ার বাসিন্দা রাহুল সিং প্রায় পাঁচ-ছ’মাস আগে মুম্বাইয়ের মালাট এলাকার একটি বেসরকারি ঠিকাদার সংস্থায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। তার অভিযোগ, সম্প্রতি তিনি বাড়ি ফেরার জন্য ঠিকাদারের কাছে তার পাওনা ২০ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু ঠিকাদার সেই টাকা দিতে অস্বীকার করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

রাহুলের অভিযোগ অনুযায়ী, থানায় অভিযোগ জানানোর খবর পেয়ে ঠিকাদারের তিন-চারজন লোক তাকে ধরে তার দু’কান কেটে দেয়। যন্ত্রণায় তিনি কোনোমতে সেখান থেকে পালিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে তার কাটা কান দুটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি। সেখানে কিছুদিন চিকিৎসা করিয়ে তিনি তার নলহাটির বাড়িতে ফিরে এসেছেন। ইতিমধ্যে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

আক্রান্ত শ্রমিক রাহুল সিং বলেন, “ভয়ে কোনোমতে পালিয়ে এসেছি। আধার কার্ড, ভোটার কার্ড যে ব্যাগে ছিল, সব ফেলে পালিয়ে এসেছি। আর মোবাইল তো ওরা আগেই কেড়ে রেখেছিল।” তার মা এই ঘটনায় ভেঙে পড়েছেন এবং বলেন, “পাঁচ-ছ’টা ছেলে মিলে আমার ছেলের এই হাল করেছে। আমার হাতে তো টাকা নেই। ছেলেকে দেখে কিছু বুঝতেই পারছি না, কী করব ওর!”

সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের পুলিশি হেনস্তার অভিযোগ নিয়ে বঙ্গ রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই এই ঘটনাটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।