Recipe: বৃষ্টি মানেই গরম গরম খিচুড়ি, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ‘চিকেন ভাজা খিচুড়ি’, প্রশংসা করবে সবাই

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলা জুড়ে চলছে জোর বৃষ্টি। আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে বাঙালির ভোজ যেন অসম্পূর্ণই থেকে যায়। তবে এবার চিরাচরিত খিচুড়ির স্বাদে বদল আনতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ‘চিকেন ভাজা খিচুড়ি’। এটি শুধু পেট ভরাবে না, এর অসাধারণ স্বাদ মনও জয় করবে।

উপকরণ:

পোলও-এর চাল: ১ কেজি

ঘি: পরিমাণমতো

চিকেন (ছোট টুকরো): ২ টি

গরমমশলা: পরিমাণমতো

আদা, রসুনবাটা: দেড় টেবিল চামচ

ধনেবাটা: ২ চা চামচ

আস্ত কাঁচালঙ্কা: ৬ টি

নারকেল বাটা: ৩-৪ চা চামচ

চিনাবাদাম: ২ টেবিল চামচ

মুগ ও মসুর ডাল: ২৫০ গ্রাম

সয়াবিন তেল: ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: ৩০০ গ্রাম

হলুদ ও লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ৩ চা চামচ

টক দই: ২ টেবিল চামচ

নুন: পরিমাণমতো

কাঠবাদাম বাটা: পরিমাণমতো

পেস্তাবাদাম বাটা: পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এর মধ্যে সামান্য হলুদগুঁড়ো, আদাবাটা, গরমমশলা, ধনে ও জিরে বাটা দিয়ে দিন।

২. এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিন। এরপর পেস্তাবাদাম বাটা, চিনাবাদাম বাটা, কাঠবাদাম বাটা, নারকেল বাটা এবং সামান্য দই ভালোভাবে মিশিয়ে নিন। সামান্য গরম জল দিয়ে কষিয়ে মাংসটি অর্ধেক সেদ্ধ করে আলাদা করে সরিয়ে রাখুন।

৩. অন্য একটি পাত্রে ২০০-২৫০ গ্রাম তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এতে গরমমশলা বাটা, আদা বাটা ও হলুদগুঁড়ো মিশিয়ে দিন।

৪. এবার চাল ও ডাল একসঙ্গে মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ভালো করে কষিয়ে নিন। কয়েকটি আস্ত কাঁচালঙ্কা দিয়ে দিন।

৫. দুই লিটার পরিমাণ গরম জল দিয়ে জ্বাল দিন এবং কিছুটা শুকিয়ে নিন। এরপর মৃদু আঁচে আরও ১৫ মিনিট রান্না করুন। এই সময়ে সামান্য গোলাপ জল এবং ঘি দিতে পারেন।

৬. সবশেষে, আগে থেকে রান্না করা মাংসগুলো খিচুড়ির সঙ্গে আলতোভাবে মিশিয়ে দিন। কিছুক্ষণ দমে রেখে আঁচ থেকে নামিয়ে নিন।

এই সুস্বাদু ‘চিকেন ভাজা খিচুড়ি’ বৃষ্টির দিনে আপনার লাঞ্চ বা ডিনারের মেনুকে সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে।