স্বাধীনতা দিবসে সিঙারা ভোগ নিবেদন! রায় বাড়ির আরাধ্য কে জানেন? দেবজ্ঞানে করা হয় পুজো

স্বাধীনতা সংগ্রামের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজও দেব জ্ঞানে পুজো করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর রায় পরিবার। ১৯৩২ সালে নেতাজি তাদের বাড়িতে এসেছিলেন, সেই স্মৃতিকে ধরে রাখতে আজও তার ব্যবহৃত একটি চেয়ারকে ফুল-মালা দিয়ে পূজা করা হয়। এমনকি, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং নেতাজির জন্মদিনে তাকে সিঙারা ভোগ নিবেদন করা হয়।

১৯৩২ সালের সেই ঐতিহাসিক স্মৃতি
পূর্বস্থলী দুই ব্লকের বৈদিক পাড়া এলাকার রায় পরিবারের সদস্য বিপ্লব রায় জানান, ১৯৩২ সালে নেতাজি তাদের বাড়িতে এসেছিলেন। সেখানে তিনি একটি জনসভাও করেছিলেন। পরিবারের তৎকালীন গৃহবধূ শিবভাবিনী দেবী নেতাজিকে অতিথি আপ্যায়নে নিজের হাতে তৈরি সিঙারা খাইয়েছিলেন। বাড়ির দুই সদস্য রমেশচন্দ্র রায় ও সুরেশচন্দ্র রায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যারা নেতাজির এই সফরের আয়োজন করেছিলেন।

নেতাজিকে নিয়ে উৎসব
রায় পরিবারের সদস্যরা আজও সেই ঐতিহাসিক চেয়ারটি সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। প্রতি বছর নেতাজির জন্মদিবস, প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে চেয়ারটি বের করে পূজা করা হয়। বিশেষ করে ১৫ আগস্ট, নেতাজিকে সিঙারা অর্পণ করার পর পরিবারের পক্ষ থেকে এলাকার সবার মাঝে সিঙারা ও জিলিপি বিতরণ করা হয়। রায় পরিবারের আরেক সদস্য গৌতম রায় বলেন, “আমরা ছোটবেলা থেকে এই ঘটনার কথা শুনে আসছি। আমরা মনে করি, নেতাজি তেলেভাজা খেতে ভালোবাসতেন, তাই আমরা সিঙারা দিয়ে তাকে সম্মান জানাই।”

প্রতি বছর এই বিশেষ দিনগুলোতে রায় পরিবার নেতাজিকে নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই পরিবারের সদস্যরা একই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে নেতাজির স্মৃতিকে আগলে রেখেছেন, যা এলাকার মানুষের কাছেও এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।